মসজিদের ছাদ থেকে ইজিবাইক চালকের লাশ উদ্ধার

চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদ জামে মসজিদের ছাদ থেকে হোসেন মোহাম্মদ জাহাঙ্গীর (দুলাল) মেলকার (৪০) নামের এক ইজিবাইক চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ওই মসজিদ এলাকায় দুর্গন্ধ বের হলে স্থানীয়রা বিষয়টি টের পায়। এরপর হাইমচর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহত দুলাল মেলকার হাইমচর উপজেলা পরিষদ সংলগ্ন আলগী দূর্গাপুর দক্ষিণ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড পূর্বচর কৃষ্ণপুর গ্রামের হাসিম মেলকারের বড় ছেলে।

স্থানীয়রা জানান, ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করা দুলাল মেলকার ২৭ অক্টোবর ফজর নামাজ পড়তে বের হয়ে আর বাড়ি ফেরেননি। ৪ দিন নিখোঁজ থাকার পর আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ জামে মসজিদের ভেতর থেকে দুর্গন্ধ বের হলে মসজিদের ইমাম ও কর্মরত আনসার সদস্য দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে ছাদে যান। সেখানেই দুলাল মেলকারের অর্ধগলিত লাশ দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে থানায় খবর দেন।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নিহতের পরিবারের সদস্যরা। তারা লাশটি দুলাল মেলকারের বলে শনাক্ত করেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নিহতের স্ত্রী তামান্না বেগম জানান, তার স্বামীর কারও সঙ্গে শত্রুতা ছিল না। স্বামী-স্ত্রী ও একমাত্র ছেলেকে নিয়ে সুখে জীবনযাপন করছিলেন। তার স্বামী ইজিবাইক চালিয়ে সংসার চালাতেন।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন অতিরিক্ত পুলিশ সুপার (চাঁদপুর সদর সার্কেল) মো. খায়রুল কবীর।

তিনি জানান, দুপুর সাড়ে ১২টায় খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। তথ্য নিয়ে জানা গেছে মৃত ব্যক্তির নাম হোসেন মোহাম্মদ জাহাঙ্গীর দুলাল মেলকার। তিনি সোমবার থেকে নিখোঁজ ছিলেন। তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি।

তিনি আরও বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হসপিটালের মর্গে পাঠানো হয়েছে। লাশ অর্ধগলিত হওয়ায় প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব হচ্ছে না। তবে এই ঘটনায় থানায় বর্তমানে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে লাশ উদ্ধারের পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুরের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।