মহিলা দলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ৬

নীলফামারীর সৈয়দপুরে বিএনপির অঙ্গসংগঠন মহিলা দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) রাত ১টার দিকে শহরের থানার পাশে এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় জেলা মহিলা দলের সভাপতি রওনক জাহান রিনু, তার বোন নিলুফা ইয়াসমীনসহ ছয়জনকে উদ্ধার করে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে জেলা মহিলা দলের সভাপতি রওনক জাহান ও সাধারণ সম্পাদক রুপার মধ্যে সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে বিরোধ চলছিল। শনিবার রাতে রওনক জাহান বহিষ্কৃত এক নেত্রীকে নিয়ে দলীয় কার্যালয়ে যান। এ সময় সাধারণ সম্পাদক রুপা আপত্তি তুললে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে রওনক জাহান বাসায় ফেরার পথে থানার পাশে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটে।

রওনক জাহান রিনু বলেন, ‘রুপার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত সমস্যা ছিল না। কিন্তু সে পার্টি অফিসে আমার সঙ্গে খারাপ আচরণ করে। পরে আমি বাসায় ফেরার সময় তার লোকজন আমার ওপর হামলা চালায়।’

অন্যদিকে, সাধারণ সম্পাদক রুপা বলেন, ‘সভাপতির বোন জাতীয় পার্টির ভোট করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। কিন্তু তিনি তাকে নিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। আমি বিষয়টি জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে তর্ক শুরু করেন। পরে থানার পাশে আমাদের মধ্যে ধস্তাধস্তি হয়।’

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার বলেন, ‘এটি মহিলা দলের কোনো সাংগঠনিক বিষয় নয়, পারিবারিক বিষয়ে ভুল বোঝাবুঝির জেরেই এই ঘটনা ঘটেছে।’

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, ‘গতরাতে থানার পাশে মারামারির ঘটনা ঘটেছে। এক পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।