মিয়ানমারে বৌদ্ধ মঠে জান্তার বিমান হামলা, নিহত ২২

মিয়ানমারের মধ্যাঞ্চলীয় স্যাগাইং অঞ্চলের একটি বৌদ্ধ মঠে সামরিক জান্তার বিমান হামলায় কমপক্ষে ২২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে বলে নিশ্চিত করেছে সামরিক জান্তা-বিরোধী একটি গোষ্ঠী ও স্থানীয় এক বাসিন্দা।

শনিবার (১২ জুলাই) ফরাসি বার্তা সংস্থা এএফপিকে তাঁরা জানান, শুক্রবার রাত ১টার দিকে স্যাগাইংয়ের লিন তা লু গ্রামের একটি বৌদ্ধ মঠে এই হামলা চালানো হয়।

জান্তা-বিরোধী একজন যোদ্ধা বলেন, বাস্তুচ্যুত অনেক মানুষ বোমা হামলার ভয়ে ওই মঠে আশ্রয় নিয়েছিলেন। জান্তা বাহিনী সেখানেই বোমা বর্ষণ করে। হামলায় তিন শিশুসহ অন্তত ২২ জন নিহত হন। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

স্থানীয় এক বাসিন্দাও এএফপিকে জানান, হামলার পর সকালে তিনি ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ গাড়িতে তুলতে দেখেছেন। তিনি বলেন, ‘অনেকের মাথায় গুরুতর আঘাত ছিল, কারও দেহ ছিন্নভিন্ন। দৃশ্যটি ছিল অত্যন্ত মর্মান্তিক।’

হামলায় মঠের একটি হল পুরোপুরি ধ্বংস হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।

এ বিষয়ে জান্তা বাহিনীর মুখপাত্র জ্য মিন তুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পায়নি এএফপি।

২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নির্বাচিত সরকারকে উৎখাতের পর থেকে দেশজুড়ে গৃহযুদ্ধ চলছে। জান্তার দমন-পীড়নের অন্যতম লক্ষ্যবস্তু হয়ে উঠেছে স্যাগাইং অঞ্চল, যেখানে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাচ্ছে তারা।

চলতি বছরের মার্চে স্যাগাইং অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্পে প্রায় ৩ হাজার ৮০০ মানুষ নিহত হন। পরে সাময়িকভাবে এক অঘোষিত যুদ্ধবিরতি কার্যকর হলেও বাস্তবে হামলা ও সংঘর্ষ অব্যাহত রয়েছে।

গত মে মাসেও স্যাগাইংয়ের ওয়ে থেইন কুইন গ্রামের একটি স্কুলে জান্তার বিমান হামলায় দুই শিক্ষকসহ অন্তত ২০ শিক্ষার্থী নিহত হন।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।