মেঘনায় সাড়ে ১৮ হাজার বস্তা সিমেন্টসহ ডুবে গেল জাহাজ

চাঁদপুরে মেঘনা নদীতে ১৮ হাজার বস্তা সিমেন্টবোঝাই এমভি চাঁদতারা নামে একটি কার্গো জাহাজ ডুবে গেছে। অপর কার্গো জাহাজ এমভি জামাল-এর ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। তবে ডুবে যাওয়া জাহাজের আটজন স্টাফ স্থানীয়দের সহায়তায় নিরাপদে তীরে উঠতে সক্ষম হন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। বিকেলে এ ঘটনায় দায়ী জাহাজের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা করেন ডুবে যাওয়া জাহাজের মাস্টার।

দুর্ঘটনার শিকার এমভি চাঁদতারার মাস্টার মামুন হোসেন জানান, বুধবার দুপুরে নারায়ণগঞ্জে শাহ সিমেন্ট কোম্পানির কারখানা থেকে সিমেন্ট বোঝাই করে মেঘনা নদী পাড়ি দেন। সন্ধ্যা হওয়ায় চাঁদপুর সদরের রনাগোয়াল এলাকার পাশে নদীতে নোঙর করেন। বৃহস্পতিবার সকালে যশোরের নোয়াপাড়ার উদ্দেশে রওনা দিলে তীব্র স্রোতের কবলে পড়ে জাহাজটি। এ সময় পাশের এমভি জামাল-এর সঙ্গে ধাক্কা লাগে। কিছুক্ষণ পর জাহাজের ডেকের অংশ ফেটে পানি ঢুকে ডুবে যায়। এতে সাড়ে ১৮ হাজার বস্তা সিমেন্ট পানিতে জমাট বেঁধে নষ্ট হয়ে যায়।

তিনি আরও বলেন, ‘নদীতে তীব্র স্রোত থাকা সত্ত্বেও এমভি জামাল-এর মাস্টার বেপরোয়া গতিতে জাহাজ চালান। তার অবহেলার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। তাই তার বিরুদ্ধে মামলা করেছি।’

ওই এলাকার বাসিন্দা আব্দুল কাদের জানান, সকালে তিনি নদীপাড়ে ছিলেন। দুর্ঘটনা দেখে আরও কয়েকজনকে নিয়ে নৌকা দিয়ে জাহাজের স্টাফদের উদ্ধার করেন।

নৌ পুলিশ হরিনাঘাট ফাঁড়ির উপপরিদর্শক দাদন মিয়া বলেন, স্থানীয়দের সহায়তায় ডুবে যাওয়া জাহাজের সব স্টাফকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে। চাঁদপুর কোস্ট গার্ডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে জাহাজের অবস্থান শনাক্ত করেছেন।

বিআইডব্লিউটিএর উপপরিচালক ও বন্দর কর্মকর্তা বশির আলী খান জানান, যেখানে জাহাজটি ডুবেছে তা নৌচ্যানেলের বাইরে এবং ঝুঁকিমুক্ত এলাকা। ‘এটি বয়া দিয়ে চিহ্নিত করা হয়েছে, যাতে পরবর্তীতে উদ্ধারকাজে সহায়তা হয়,’ বলেন তিনি।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।