জুলাই গণ-অভ্যুত্থানের সময় পুলিশের গুলিতে নিহত পটুয়াখালির শহীদ জসীম উদ্দীনের মেয়েকে ধর্ষণের ঘটনায় নির্যাতিত পরিবারের পাশে দাঁড়াতে পটুয়াখালীতে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর ১২টার দিকে পটুয়াখালী পৌঁছান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির নির্বাহী কমিটির যুগ্ম সদস্য সচিব তামিম আহমেদ।
জানা যায়, নাহিদ ইসলাম তার এই সফরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শহীদ কন্যার খোঁজ খবর নেবেন। এছাড়া পরিবারের সঙ্গে দেখা করার পাশাপাশি পটুয়াখালী জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় করবেন।
প্রসঙ্গত, গত মঙ্গলবার সন্ধ্যার পর উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে শহিদ জসীম উদ্দীনের মেয়ে তার বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ি পাঙ্গাশিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে যাচ্ছিলেন। পথে নলদোয়ানী থেকে অভিযুক্তরা পিছু নেয়। হঠাৎ মুখ চেপে ধরে পার্শ্ববর্তী জলিল মুন্সির ভিটা বাগানে নিয়ে যায় সাকিব ও সিফাত। ধস্তাধস্তির এক পর্যায়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। এমনকি তার নগ্ন ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় তারা। পরদিন বুধবার এ ঘটনায় দুমকি থানায় অভিযোগ করেন ভুক্তভোগী নিজে।
খবরওয়ালা/টিএ



