খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 23শে শ্রাবণ ১৪৩২ | ৭ই আগস্ট ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে বন্দুক হামলায় পাঁচজন সেনা আহত হয়েছেন। তাদের সামরিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এপির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়, বুধবার (৬ আগস্ট) জর্জিয়ার ফোর্ট স্টুয়ার্ট সামরিক ঘাঁটিতে বন্দুক হামলা চালানো হয়। এটা যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম সামরিক ঘাঁটি। এতে পাঁচ সেনা আহত হন। হামলার পরই ঘাঁটি এলাকায় সাময়িক লকডাউন জারি করা হয়।
গুলিবিদ্ধ সেনাদের প্রথমে ঘটনাস্থলেই চিকিৎসা দেয়া হয় এবং এরপর তাদের উইন আর্মি কমিউনিটি হাসপাতালে স্থানান্তর করা হয়।
প্রদিবেদনে আরও বলা হয়েছে, হামলার পরই একজন সন্দেহভাজন হামলাকারীকে আটক করে সামরিক কর্তৃপক্ষ। তাকে সেনাবাহিনীর একজন সার্জেন্ট হিসেবে শনাক্ত করা হয়েছে। নাম কোর্নেলিয়াস র্যাডফোর্ড।
২৮ বছর বয়সি আফ্রিকান-আমেরিকান এই কর্মকর্তা দ্বিতীয় ব্রিগেড কমব্যাট টিমে নিযুক্ত ছিলেন। তিনি ২০১৮ সাল থেকে মার্কিন সেনাবাহিনীতে কর্মরত এবং ঘটনার আগ পর্যন্ত সক্রিয় দায়িত্ব পালন করছিলেন।
তবে ঠিক কি কারণে তিনি সামরিক ঘাঁটিতে হামলা চালালেন তার বিস্তারিত এখনও জানা যায়নি। তবে কর্মকর্তারা জানিয়েছেন, কোর্নেলিয়াস র্যাডফোর্ড হামলায় ব্যক্তিগত বন্দুক ব্যবহার করেছিলেন। তিনি ওই সেনাঘাঁটিতেই কাজ করতেন এবং এলোপাতাড়ি গুলি চালান।
মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। কিন্তু কর্মকর্তারা হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনও কোনো তথ্য পাননি বলে জানানো হয়েছে।
হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে অবহিত হয়েছেন এবং ঘটনাটির আপডেট পর্যবেক্ষণ করছেন।
খবরওয়ালা/এফএস