‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ শ্লোগানকে সামনে রেখে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিভাগীয় যুব সমাবেশ ঘিরে জনসমুদ্রে রূপ নিয়েছে এলাকা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সকাল থেকেই সেখানে জড়ো হচ্ছেন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার (২৮ মে) দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও তার অনেক আগেই নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে মুখর হয়ে ওঠে নয়াপল্টন। দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন, স্লোগান ও সংগীতের মাধ্যমে তারা সমাবেশস্থলকে রাঙিয়ে তোলেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ঢাকা ছাড়াও সিলেট, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা যোগ দিয়েছেন মিছিলে মিছিলে। সকাল থেকেই এই জনসমাগম চলতে থাকায় নয়াপল্টনের উভয় পাশে যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে রয়েছে বিভিন্ন সংস্থার সদস্যরা।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সমাবেশের লক্ষ্য হলো দেশের তরুণ সমাজের উদ্বেগ, প্রত্যাশা ও রাজনৈতিক অংশগ্রহণকে সামনে এনে একটি ইতিবাচক বার্তা দেওয়া।
এর আগে চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায়ও অনুরূপ সমাবেশ ও সেমিনারের আয়োজন করেছে বিএনপির অঙ্গসংগঠনসমূহ।
খবরওয়ালা/এমএজেড



