সাড়ে ৪ লাখ টাকার জাল নোটসহ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৪ লাখ ৫০ হাজার টাকার জাল নোটসহ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার নোয়াপাড়া বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মাধবপুরের সুলতানপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে রোজিনা আক্তার রোজা (২২) এবং নোয়াপাড়ার ভাড়াটিয়া বাসিন্দা নূর হোসেনের মেয়ে হামিদা খাতুন (১৬)। তাদের কাছ থেকে ১ হাজার, ৫০০ ও ২০০ টাকার জালনোটসহ মোট ৪ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।

হবিগঞ্জ জেলা ডিবির ওসি একেএম শামীম হাসান জানান, রোজা ও তার মা দীর্ঘদিন ধরে নোয়াপাড়া বাজারে জালনোট দিয়ে ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা করতেন। মঙ্গলবার রাতে তারা এক সবজি বিক্রেতার কাছ থেকে তিন কেজি আমড়া কিনে ১ হাজার টাকার জালনোট দেন। পরে আরও কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে একইভাবে প্রতারণা করার সময় স্থানীয়দের সন্দেহ হলে বিষয়টি ফাঁস হয়ে যায়।

ওসি আরও জানান, অভিযানের সময় রোজার মা পালিয়ে যান। জালনোট চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় ডিবির এএসআই রিপন সিংহ বাদী হয়ে বুধবার (৮ অক্টোবর) মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।