৩০ মিনিট দেরিতে কেন্দ্রে পৌঁছেও জবিতে পরীক্ষা দিলেন ১২ ভর্তিচ্ছু

খবরওয়ালা অনলাইন ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পরে এসেও পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছেন ১২ জন ভর্তিচ্ছু। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষার সময় এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষা শুরু হয় দুপুর ১টায়। ১টা ২৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে ১২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক তাদের প্রশ্ন ও ওএমআর সরবরাহ করে মেডিকেল সেন্টারে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেন। তাদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের ওয়ার্ড রুমে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তাজাম্মুল হক বলেন, ‘আমাদের নির্দেশনা ছিল, পরীক্ষা শুরু হওয়ার ২০ মিনিট পর্যন্ত কেন্দ্রে শিক্ষার্থী প্রবেশ করতে পারবে, কিন্তু ২০ মিনিটের পরও কিছু শিক্ষার্থী প্রবেশ করেছে। এখন তাদের বিশেষ বিবেচনায় মেডিকেল সেন্টারের ওয়ার্ডে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।’

বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেন বলেন, ‘যারা দেরি করে প্রবেশ করেছে, তাদের খাতা মূল্যায়নের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। উপাচার্যের সঙ্গে বৈঠক চলছে। মিটিং এ সিদ্ধান্ত নেওয়া হবে।’

খবরওয়ালা/টিএ
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।