৪৮তম বিশেষ বিসিএসে ৫০০ ডেন্টাল সার্জন নিয়োগের দাবি

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) ঘোষিত আসন্ন ৪৮তম বিশেষ বিসিএসে ৫০০ ডেন্টাল সার্জন নিয়োগের দাবি জানিয়েছে ডেন্টাল চিকিৎসকরা।

 রোববার (১৮মে) রাজধানীর শাহবাগ মোড়ে ‘বাংলাদেশ ডেন্টাল ঐক্য পরিষদ’-এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে এই দাবি জানান বিডিএস ডিগ্রিধারী বিসিএস প্রার্থীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের ১৮ কোটি মানুষের একটি বড় অংশ মুখ ও দাঁতের নানাবিধ রোগে ভুগছেন। গবেষণায় দেখা গেছে, মুখ ও মুখগহ্বরের ক্যান্সারে আক্রান্তের হার বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ। অথচ সরকারি পর্যায়ে মুখ ও দাঁতের চিকিৎসা অপ্রতুল। উপজেলা পর্যায়ের ৩১, ৫০ ও ১০০ শয্যার হাসপাতালগুলোতে মাত্র একটি করে ডেন্টাল সার্জনের পদ রয়েছে এবং ১০ ও ২০ শয্যার হাসপাতালে এসব পদ নেই।

সংগঠনের নেতারা অভিযোগ করেন, ৩৯তম বিশেষ বিসিএসে যেখানে ৬ হাজার এমবিবিএস চিকিৎসক নিয়োগ পেয়েছেন, সেখানে মাত্র ২৫০ জন বিডিএস চিকিৎসককে নিয়োগ দেওয়া হয়। ৪২তম বিশেষ বিসিএসে তো বিডিএস চিকিৎসকদের জন্য কোনো পদই রাখা হয়নি। অথচ ৪৮তম বিশেষ বিসিএসে ২ হাজার চিকিৎসক নিয়োগের ঘোষণা এসেছে, কিন্তু তাতে ডেন্টাল সার্জনের কোনো সুযোগ নেই।

বক্তারা বলেন, উচ্চশিক্ষিত বেকারদের মধ্যে ডেন্টাল সার্জনদের বেকারত্বের হার সবচেয়ে বেশি। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে অবিলম্বে ৪৮তম বিশেষ বিসিএসে অন্তত ৫০০ ডেন্টাল সার্জন নিয়োগের দাবি জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের জহিরুল ইসলাম, রাশেকীন সিদ্দিক ও ফাবিহা শারমিন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ইসমাইল হোসেন, ঢাকা ডেন্টাল কলেজের হাবিবুল্লাহ মারজান ও লায়েক আহমেদ এবং সাপোরো ডেন্টাল কলেজের জুই দেওয়ান প্রমুখ।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।