অনলাইনে আসল বলে নকল পিস্তল ও ডলার বিক্রি, যুবক আটক

মৌলভীবাজারের কুলাউড়ায় ভিডিও কলে বিদেশি পিস্তল ও ডলারের বান্ডিল দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আটক যুবক মোক্তাদির আলী ওরফে রিপন (৩৪) নিজের বাসায় বসেই এই অনলাইন প্রতারণা চক্র পরিচালনা করতেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) গভীর রাতে র‍্যাব-৯ এর একটি দল কুলাউড়া পৌর শহরের সম্মান এলাকায় অভিযান চালিয়ে একটি বাড়ির ওয়ারড্রব থেকে প্রায় এক কোটি টাকার জাল দেশি-বিদেশি নোট, পাঁচটি নকল বিদেশি পিস্তল এবং আট রাউন্ড নকল গুলি উদ্ধার করে।

র‍্যাব জানায়, মোক্তাদির আলী গত তিন মাস ধরে অনলাইনে একাধিক ভুয়া প্রোফাইল ও পেজ ব্যবহার করে এই প্রতারণা চালিয়ে আসছিলেন। তিনি ফেসবুক মেসেঞ্জার, টেলিগ্রামসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করতেন। ভিডিও কলে নকল অস্ত্র ও জাল টাকার বান্ডিলকে আসল হিসেবে দেখিয়ে ক্রেতাদের বিশ্বাস অর্জন করতেন।

এরপর বিকাশ বা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে অগ্রিম টাকা গ্রহণ করতেন। টাকা পাওয়ার পর তিনি ক্রেতাদের কাছে হয় কাগজে মোড়ানো নকল পণ্য পাঠাতেন, নয়তো ভুয়া ডেলিভারি স্লিপ পাঠাতেন, আবার কখনও কিছুই পাঠাতেন না।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোক্তাদির তার প্রতারণার কথা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, অনলাইন সরবরাহকারীদের কাছ থেকে এসব নকল অস্ত্র ও জাল টাকা কিনে অনলাইনে বিক্রি করতেন।

র‍্যাব আরও জানিয়েছে, মোক্তাদির একটি সংগঠিত অনলাইন চক্রের সদস্য। চক্রের অন্যান্য সদস্যরা রাজধানী ও সীমান্তবর্তী জেলাগুলো থেকে নকল সামগ্রী সরবরাহ করত এবং বিদেশি মুদ্রার জাল সংস্করণও তৈরি করত। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে চক্রের মূল হোতা ও সরবরাহকারীদের ধরতে অভিযান চলছে।

উল্লেখ্য, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর বিভিন্ন থানা থেকে লুট হওয়া প্রায় ১৫০০টি অস্ত্র ও বিপুল পরিমাণ গুলি এখনো উদ্ধার হয়নি। এমন পরিস্থিতিতে নকল অস্ত্রের এই কারবার জনমনে নতুন আতঙ্ক সৃষ্টি করেছে, যা আসন্ন নির্বাচনের আগে নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে ধরা হচ্ছে।

আটক মোক্তাদিরের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে, জানিয়েছে র‍্যাব।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।