অনেকগুলো সুখবর নিয়ে ভারতের বিপক্ষে মাঠে নামল বাংলাদেশ

এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার মাঠে যেমন পেয়েছিলেন, এবার তার স্বীকৃতি মিলল আইসিসি র‌্যাংকিংয়েও। ব্যাটসম্যানদের তালিকায় ১৩৩ ধাপ এগিয়ে প্রথমবারের মতো শীর্ষ একশতে জায়গা করে নিয়েছেন ওপেনার সাইফ হাসান। তিনি এখন আছেন ৮১তম স্থানে।

শ্রীলঙ্কার বিপক্ষে ৬১ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হয়েছিলেন সাইফ। এর আগে ফিল্ডিংয়ে দুটি ক্যাচও নিয়েছিলেন তিনি। এবার ব্যাটিং র‌্যাংকিংয়ে এমন উত্থান তার জন্য বড় প্রাপ্তি।

আজ ভারতের বিপক্ষে ম্যাচের আগে সুখবর পেয়েছেন আরও কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার। শ্রীলঙ্কার বিপক্ষে ৫৮ রানের ইনিংস খেলা তাওহিদ হৃদয় ৭ ধাপ এগিয়ে ৪১ নম্বরে উঠেছেন। তবে সেই অবস্থান ভাগাভাগি করছেন সতীর্থ তানজিদ হাসান তামিমের সঙ্গে, যিনি ৬ ধাপ পিছিয়ে একই স্থানে আছেন। দলের নিয়মিত ওপেনার লিটন দাস দুই ধাপ এগিয়ে এখন ৪০তম স্থানে। এক ধাপ করে এগিয়ে ৫৬তম ও ৭৪তম স্থানে আছেন জাকের আলী অনিক ও পারভেজ হোসেন ইমন।

বোলিংয়ে বড় সুখবর এসেছে মুস্তাফিজুর রহমানের জন্য। শ্রীলঙ্কার বিপক্ষে ৩ উইকেট নেওয়ায় তিনি ৬ ধাপ এগিয়ে শীর্ষ দশে ফিরেছেন। বাঁহাতি এই পেসার এখন ৯ নম্বরে। দুই ধাপ করে এগিয়েছেন শেখ মেহেদী (১৭তম) ও তানজিম হাসান সাকিব (৪০তম)।

এদিকে টি-টোয়েন্টির তিন বিভাগেই শীর্ষস্থান ধরে রেখেছে ভারতের ক্রিকেটাররা। ব্যাটিংয়ে অভিষেক শর্মা, বোলিংয়ে বরুণ চক্রবর্তী এবং অলরাউন্ডারে হার্দিক পান্ডিয়া আছেন এক নম্বরে।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।