অবরোধে পুলিশের লাঠিপেটা-জলকামান, ছত্রভঙ্গ শিক্ষক–কর্মচারীরা গেলেন শহীদ মিনারে

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবরোধ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। পুলিশের বাধার মুখে তাঁরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন।

আজ রোববার সকাল ৮টা থেকে মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া প্রদানসহ তিন দফা দাবিতে প্রেসক্লাবের সামনে অবরোধ কর্মসূচি শুরু করেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। বেলা আড়াইটা পর্যন্ত টানা ছয় ঘণ্টা তাঁরা সেখানে অবস্থান করেন, এতে এলাকায় যান চলাচল ব্যাহত হয়।

অবরোধ চলাকালে বেলা দেড়টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলমের নেতৃত্বে পুলিশ আন্দোলনকারীদের রাস্তা ছাড়ার নির্দেশ দেয়। তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, ‘আপনারা শহীদ মিনারে চলে যান; পাঁচ মিনিট সময় দেওয়া হলো। পাঁচ মিনিট পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তবে শিক্ষকেরা তা মানেননি। তাঁদের একজন, নজরুল ইসলাম, বলেন, ‘আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তা ছাড়ব না।’ এরপর পুলিশ সাউন্ড গ্রেনেড ও জলকামান থেকে পানি ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে। এ সময় কয়েকজনকে লাঠিপেটা করা হয় এবং কয়েকজন আহত হন বলে জানা গেছে। পুলিশ কয়েকজনকে প্রিজন ভ্যানে তুলে নেয়।

‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর ব্যানারে শিক্ষক–কর্মচারীরা এই কর্মসূচি পালন করেন। তাঁদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া প্রদান, চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা নির্ধারণ এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করা।

পুলিশের বাধার পর আন্দোলনকারীরা শহীদ মিনারে গিয়ে অবস্থান নেন এবং কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।