ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ সোমবার (২৭ অক্টোবর) ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে নতুন রাজনৈতিক দলের নিবন্ধনও চলতি সপ্তাহের মধ্যে শেষ করা হবে।
রবিবার (২৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমনওয়েলথ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী গত ২০ অক্টোবরের মধ্যে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করার কথা ছিল। তবে ছয় দিন পেরিয়ে গেলেও কেন তা প্রকাশ করা হয়নি, জানতে চাইলে আখতার আহমেদ বলেন, ‘ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত হয়েছে। কিছু সংশোধনের প্রস্তাব এসেছিল, সেটাও সম্পন্ন করা হয়েছে। সোমবার সকালে ব্রিফ করে দেব।’
ইসি ঘোষিত রোডম্যাপ অনুযায়ী অগ্রগতি কতদূর— জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘সবকিছু ১০০ শতাংশ করা সম্ভব নয়। পরিস্থিতির প্রেক্ষাপটে কিছু জায়গায় অ্যাডজাস্টমেন্ট, কিছু বিষয় আগে সম্পন্ন করেছি, কিছু বিষয়ে অপেক্ষা করতে হয়েছে এবং কিছু বিষয়ে আরও একটু অপেক্ষা করতে হবে।’
সচিব আখতার আহমেদ বলেন, ‘সবকিছুই নিক্তিতে মেপে নির্দিষ্ট সময় ও তারিখ অনুযায়ী করা সম্ভব নয়। কিছুটা সামঞ্জস্য রাখতে হয়। এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার বা দুশ্চিন্তার কোনো কারণ বা পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে আমার মনে হয়।’
নতুন রাজনৈতিক দলের নিবন্ধন নিয়ে তিনি বলেন, ‘দল নিবন্ধনের অগ্রগতি বিষয়ে মাঠপর্যায় থেকে কিছু অতিরিক্ত তথ্য এসেছে। তা পর্যালোচনা চলছে। এ সপ্তাহের মধ্যেই শেষ করে ফেলব। কারণ, আমাদেরও দায়িত্ব ও তাগিদ রয়েছে।’
খবরওয়ালা/টিএসএন



