খবরওয়ালা বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
আসলে তিনি কথার মানুষ। নানা অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় থাকেন নিয়মিত। আবার লেখালেখিতেও প্রকাশ করেন হৃদয়ের অনুভূতি। তিনি নীল হুরেরজাহান—উপস্থাপক, মডেল ও অভিনেত্রী।
এবার তাঁর নামের পাশে যোগ হলো নতুন পরিচয়—গীতিকার। নীলের কথাময় যাত্রা নিয়ে লিখেছেন কামরুল ইসলাম।
প্রথমবার গানের জগতে
উপস্থাপক হিসেবেই পরিচিত নীল। পাশাপাশি মডেলিং ও অভিনয় করেন তিনি। এর বাইরেও নিয়মিত লিখে থাকেন। ২০২০ সালে বের হয়েছিল তাঁর প্রথম কবিতার বই ‘হারিয়ে যাবার শুরু’। এবার তিনি গীতিকার হিসেবে আত্মপ্রকাশ করেছেন। সংগীতশিল্পী এভয়েড রাফার নতুন ইপি অ্যালবামের সব গানই তাঁর লেখা।
যদিও অ্যালবামের নাম কিংবা গানগুলোর শিরোনাম এখনই প্রকাশ করতে চাননি নীল। তবে জানিয়েছেন, এতে থাকছে চার থেকে পাঁচটি গান। খুব শিগগিরই প্রকাশিত হবে অ্যালবামটি।
কবিতা, গান নয়
গীতিকার হিসেবে নিয়মিত পাওয়া যাবে কি তাঁকে? নীল বললেন, ‘না। গান লেখার প্রস্তাব আগেও পেয়েছি, কিন্তু রাজি হইনি। আসলে গান লেখার প্রতি তেমন আগ্রহ নেই। মনের ভাবনা লিখি, সেটা কবিতা বা গদ্য হয়ে যায়।’ নতুন বই প্রকাশের পরিকল্পনাও আপাতত নেই বলে জানান তিনি।
উপস্থাপনায় ধারাবাহিকতা
ক্যারিয়ারের শুরু থেকে উপস্থাপনার সঙ্গেই বেশি যুক্ত নীল। বর্তমানে নিয়মিত টিভি অনুষ্ঠান ও বিভিন্ন কর্পোরেট ইভেন্টের সঞ্চালনা করছেন। এশিয়া কাপ উপলক্ষে নাগরিক টিভিতে করছেন ‘ক্রিক বাজ’, একুশে টেলিভিশনে করছেন ‘রূপ লাবণ্য’। নীলের ভাষায়, ‘উপস্থাপনা ভালোই চলছে। দেশের বড় প্রতিষ্ঠানের ইভেন্ট করছি নিয়মিত। এশিয়া কাপের ফাইনালের প্রোগ্রামটিও করব।’
এশিয়া কাপ নিয়ে মতামত
ক্রিকেট সম্পর্কে ভালো জানেন নীল। ফাইনাল নিয়ে তাঁর মন্তব্য, ‘বাংলাদেশ ফাইনালে উঠলে সবচেয়ে ভালো লাগত। সুযোগও ছিল, কিন্তু কাজে লাগাতে পারেনি। এবার ভারত-পাকিস্তান খেলবে। ভারত খুব শক্তিশালী দল, পুরো টুর্নামেন্টে একপেশে খেলছে বলা যায়। পাকিস্তানও ভালো খেলতে পারেনি, বাংলাদেশের সঙ্গে জিতলেও পারফরম্যান্স বিশেষ কিছু ছিল না। তাই ফাইনালে ভারতই এগিয়ে থাকবে।’
দায়িত্ব দর্শকেরও
সঞ্চালকদের প্রশ্ন ও অনুষ্ঠান নিয়ে সমালোচনা প্রসঙ্গে নীলের মন্তব্য, ‘এখন সবকিছু ওপেন প্ল্যাটফর্ম। সবাই তাদের মতো করে অনুষ্ঠান করছে, আর দর্শক সেই অনুষ্ঠানই বেশি দেখছে। সেক্ষেত্রে দায়টা দর্শকের ওপরও পড়ে। তবে উপস্থাপক ও আয়োজকদের অবশ্যই দায়িত্বশীল হওয়া উচিত। একটি অনুষ্ঠান মানে সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধতা।’
অভিনয়ে নীল
উপস্থাপনার পাশাপাশি মাঝে মাঝে অভিনয়ও করেন তিনি। রায়হান রাফীর ‘নিঃশ্বাস’ ও ফরহাদ হোসেনের ‘ক্রিমিনালস’ ওয়েব ফিল্মে অভিনয় করেছেন। তবে নতুন কোনো কাজের খবর এখনই জানাতে চান না। বলেন, ‘অভিনয় করি বেছে বেছে, ভালো গল্প ও নির্মাতা হলে। সময় হলে জানাব।’
যাত্রার প্রাপ্তি
২০১৪ সালে রেডিও জকি হিসেবে শোবিজে প্রবেশ করেন নীল। এক দশক পেরিয়ে গিয়ে তাঁর অভিজ্ঞতা—‘হারানোর মতো কিছু হয়নি, বরং অনেক কিছু পেয়েছি। ভালো প্ল্যাটফর্ম, ভালো সহকর্মী, বড় বড় প্রোগ্রামের সুযোগ পেয়েছি। ছোট্ট রেডিও থেকে দেশের সেরা প্রোগ্রামগুলো উপস্থাপনা করতে পারছি—এটাই বড় প্রাপ্তি।’
ভবিষ্যতের পরিকল্পনা
নীল বলেন, ‘আমি শিল্পী হিসেবে সব কাজের জন্যই ওপেন। তবে উপস্থাপনাই আমার প্রথম পরিচয়। এর পাশাপাশি অভিনয়, মডেলিংও করব।’
খবরওয়ালা/টিএসএন