ইলন মাস্ককে বাংলাদেশে আমন্ত্রণ ও ৯০ কর্মদিবসের মধ্যে স্টারলিঙ্ক চালুর আহ্বান প্রধান উপদেষ্টার

খবরওয়ালা অনলাইন ডেস্ক: বাংলাদেশ সফরের আমন্ত্রণের পাশাপাশি আগামী ৯০ কার্যদিবসের মধ্যে দেশে স্টারলিঙ্ক ইন্টারনেট সেবা চালু করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৯ ফেব্রুয়ারি) মাস্ককে লেখা একটি চিঠিতে এ আহ্বান জানান তিনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির প্রধান ও খ্যাতনামা প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। সপ্তাহ খানেক আগে তার সঙ্গে এক ভিডিও কনফারেন্সে বাংলাদেশে স্টারলিঙ্ক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু নিয়ে আলোচনা করেন অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস।

চিঠিতে ইলন মাস্ককে বাংলাদেশে স্টারলিঙ্ক ইন্টারনেট সেবা চালুর আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, উন্নত এই প্রযুক্তি প্রধান উপকারভোগী হবেন বাংলাদেশের তরুণ-তরুণীরা।

মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আসুন, উন্নত ভবিষ্যৎ নির্মাণের জন্য এবং আমাদের পারস্পরিক দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের জন্য আমরা একসাথে কাজ করি।’

চিঠিতে আরো বলা হয়, ‘বাংলাদেশের অবকাঠামোতে স্টারলিঙ্কের সংযোগকে একীভূত করার ফলে রূপান্তরমূলক প্রভাব পড়বে, বিশেষ করে বাংলাদেশের যুব উদ্যোক্তা সমাজ, গ্রামীণ ও দুর্বল নারী এবং প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের ওপর।’

বাংলাদেশে যাতে আগামী ৯০ কার্যদিবসের মধ্যে স্টারলিঙ্ক ইন্টারনেট সেবা চালুর বিষয়টি নিশ্চিত করা যায় সেজন্য প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের প্রতিনিধি ড. খলিলুর রহমানকে ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স-এর সাথে নিবিড়ভাবে যোগাযোগের দায়িত্ব দেয়া হয়েছে। 

প্রধান উপদেষ্টা ড. ইউনূস গত ১৩ ফেব্রুয়ারি ইলন মাস্কের সাথে ভার্চুয়াল বৈঠক করেন। সে সময় মাস্ক ড. ইউনূসকে জানান, বাংলাদেশের গ্রামীণ ও পিছিয়ে থাকা নারী এবং প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারে স্টারলিঙ্ক।

পাশাপাশি অল্প খরচে উচ্চগতির ইন্টারনেট বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনীতির উন্নয়ন করবে বলে আশা ব্যক্ত করেন টেসলা প্রধান। স্টারলিঙ্ক নিয়ে আশাবাদ ব্যক্ত করেন ড. ইউনূসও। ইলন মাস্ককে বাংলাদেশে আসার জন্য আমন্ত্রণও জানান তিনি। তাতে ইতিবাচক জবাব দেন মাস্ক। এক বার্তায় তিনি বলেন, ‘আমি অপেক্ষায় আছি।’

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।