ইলিশ চুরির অভিযোগে দুই কিশোরকে নির্যাতনের ঘটনায় ব্যবসায়ী গ্রেপ্তার

পটুয়াখালীর গলাচিপায় ইলিশ মাছ চুরির অভিযোগে দুই কিশোরকে হাত-পা বেঁধে নির্যাতনের ঘটনায় ইমরান বয়াতি (৪০) নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২অক্টোবর) রাত ১১টার দিকে গলাচিপা থানার পুলিশ ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

এর আগে গত সোমবার উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চরমহিরউদ্দিন এলাকায় পাউবোর নতুন স্লুইসগেট-সংলগ্ন স্থানে ওই দুই কিশোরকে নির্যাতনের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সোমবার ইলিশ মাছ চুরির অভিযোগ তুলে স্থানীয় মাছ ব্যবসায়ী ইমরান বয়াতি কিশোর আবদুল্লাহ (১০) ও সাব্বিরকে (১৪) ধরে নিয়ে যান। পরে চরবিশ্বাস ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য হাসান সরদার ও ইমরান বয়াতি তাদের হাত-পা রশি দিয়ে বেঁধে রোদে বসিয়ে রেখে নির্যাতন করেন।

পরবর্তী সময়ে তাদের হাতে ইলিশ মাছ দিয়ে স্বীকারোক্তি আদায়ের ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এসব ছবি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে প্রতিবাদের ঝড় ওঠে।

পরে আবদুল্লাহর নানা শাহজাহান ওই দুইজনকে ছাড়িয়ে আনতে গেলে তার কাছে মাছ চুরির ক্ষতিপূরণের টাকা দাবি করা হয়। টাকা দিতে না পারায় অকথ্য ভাষায় গালাগাল করা হয় তাঁকে। টাকা দিতে না পারায় শাহজাহানের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে দুই কিশোরকে ছেড়ে দেওয়া হয়। বাড়িতে ফেরার পর আবদুল্লাহকে চিকিৎসার জন্য গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে নির্যাতনের অভিযোগে শাহজাহান বাদী হয়ে গতকাল রাতে গলাচিপা থানায় মামলা করেন।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, চরবিশ্বাস ইউনিয়নে দুই কিশোরকে নির্যাতনের ঘটনায় আবদুল্লাহর নানা বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলায় মাছ ব্যবসায়ী ইমরান বয়াতিকে গ্রেপ্তার করা হয়েছে।

 

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।