ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনে তালা

আদালতের রায় ও নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন মেনে বিএনপির নেতা ইশরাক হোসেনকে শপথ পড়িয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগরভবনের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীরা নগর ভবনের সব গেইটে তালা ঝুলিয়ে দিয়েছেন। 

আন্দোলনের কারণে গুলিস্তান মাজারের দিক থেকে বঙ্গবাজার অভিমুখী সড়কের দুই পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুর ১২টা পর্যন্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ ডিএসসিসির বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা নগর ভবনে প্রবেশ করতে পারেননি।

সকাল থেকেই ‘ঢাকার সাধারণ ভোটারদের আয়োজনে নগর ভবন অবরোধ, আয়োজনে: নগরবাসী’ ব্যানার নিয়ে বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিলসহ নগর ভবনের সামনে জড়ো হন আন্দোলনকারীরা। নগর ভবনের মূল ফটক, আশপাশের রাস্তা এবং প্রবেশপথে অবস্থান নেওয়ার কারণে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সেবা প্রত্যাশীরা নগর ভবন থেকে ফিরে যাচ্ছেন। অনেক কর্মকর্তা গুরুত্বপূর্ণ কাজ থাকলেও সপ্তাহের শেষ কর্মদিবসে অফিসে প্রবেশ করতে পারছেন না।

অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, ‘ইশরাকের শপথ নিয়ে নানা টালবাহানা চলছে। আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও জনতার মেয়র ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না। তাই বাধ্য হয়েই লাগাতার অবস্থান কর্মসূচি চলছে।’

উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে প্রায় পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে পরাজিত করে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।