রাজধানীর মিরপুরের পল্লবী এলাকার বাউনিয়াবাঁধে সরকারি জমি উদ্ধার অভিযানের সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। হামলার সময় স্থানীয় কিছু বাসিন্দা ইটপাটকেল নিক্ষেপ করে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধাওয়া দেয়, ফলে একপর্যায়ে পুলিশ সদস্যদের পিছু হটে সরে যেতে দেখা যায়।
বুধবার (২১ মে) সকাল ১০টার দিকে পল্লবী থানার সেকশন-১১ এলাকায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের ৫৩৩ ফ্ল্যাট প্রকল্পের পশ্চিম পাশে এবং পুনর্বাসন জোনের সংযোগ সড়ক ও আশপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সিটি করপোরেশনের কর্মকর্তারা অংশ নেন।
প্রশাসনের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে ওই এলাকায় সরকারি প্রায় ৫০ বিঘা জমির ওপর বস্তিঘর, গ্যারেজ, ভাঙারির দোকান, মাদক সংশ্লিষ্ট কার্যক্রমের অভিযোগ থাকা স্থান এবং বিভিন্ন রাজনৈতিক ক্লাব গড়ে ওঠে। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে অভিযান চালানো হয়।
অভিযান শুরুর কিছুক্ষণের মধ্যেই স্থানীয়দের একটি অংশ উত্তেজিত হয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, তারা সংগঠিতভাবে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তাজনিত কারণে এলাকা থেকে সরে যেতে বাধ্য হন।
স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, ওই এলাকায় প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষ বসবাস করেন। তাদের অভিযোগ, উচ্ছেদের আগে যথাযথ নোটিশ বা পর্যাপ্ত সময় না দেওয়ায় বাসিন্দাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। তবে প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে নোটিশ সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং দুপুরের পর আবারও উচ্ছেদ অভিযান শুরু হয় বলে জানা গেছে। একই সঙ্গে সরকারি কাজে বাধা এবং পুলিশের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার জানান, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের দখল হওয়া জমি উদ্ধার করতে গেলে স্থানীয়রা পুলিশের ওপর হামলা চালায়। তিনি বলেন, দুপুর ১২টার দিকে অতর্কিতভাবে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় পাঁচজন পুরুষ ও দুইজন নারী পুলিশ সদস্য আহত হন। আহতদের রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাস্থলে থাকা পুলিশ কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, হামলার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ সদস্যরা নিরাপদ অবস্থানে সরে যেতে বাধ্য হন। পরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
এদিকে ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে কয়েকজনকে পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ এবং ধাওয়া করতে দেখা যায়। কিছু ভিডিওতে পুলিশ সদস্যদের হেলমেট ফেলে দ্রুত সরে যেতে দেখা যায়, পাশাপাশি নারী পুলিশ সদস্যদেরও নিরাপদ স্থানে সরিয়ে যেতে দেখা গেছে।
উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘটিত এই ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রশাসন জানিয়েছে, সরকারি জমি পুনরুদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।