ঋণ কেলেঙ্কারি অভিযোগে পবিপ্রবিতে দুদকের অভিযান

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ঋণ শাখার দুই কর্মকর্তার বিরুদ্ধে প্রায় ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৭ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ অভিযান পরিচালনা করে দুদকের একটি দল।

দুদকের সহকারী পরিচালক তাপস বিশ্বাস বলেন, ‘প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।’

অভিযোগে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের পেনশন সেলের উপপরিচালক মো. রাজিব মিয়া ও একই শাখার ল্যাব অ্যাটেনডেন্ট আবু সালেহ মো. ইছা দীর্ঘদিন ধরে ভুয়া ব্যাংক স্লিপ ব্যবহার করে শতাধিক কর্মকর্তা-কর্মচারীর ঋণের কিস্তির টাকা আত্মসাৎ করে আসছিলেন।

তথ্য অনুযায়ী, ২০১১ সাল থেকে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জিপিএফ তহবিল থেকে কেটে নেওয়া ১০ শতাংশ অর্থ রূপালী ব্যাংক পবিপ্রবি শাখার একটি হিসাবের মাধ্যমে মোটরসাইকেল ও কম্পিউটার ক্রয়ের ঋণ হিসেবে বিতরণ করা হয়। ঋণগ্রহীতারা নিয়মিত কিস্তি পরিশোধ করলেও অভিযুক্ত দুই কর্মকর্তা ভুয়া ভাউচার তৈরি করে তা ব্যাংকে জমা না দিয়ে নিজেরা দখল করেন।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অডিট সেলের পর্যালোচনায় এ অনিয়ম ধরা পড়লে তারা দায় স্বীকার করে প্রায় ৩২ লাখ টাকা ফেরত দেন।

তবে অভিযোগ রয়েছে— উপ-রেজিস্ট্রার (প্ল্যানিং) খাইরুল বাসার মিয়া, পরিবহণ শাখার সেকশন অফিসার সবুর খান, পরিবহণ শাখার হেলপার আবু জাফর, ফটোকপি অপারেটর শামীম খান, অডিট সেলের ঝাড়ুদার ফরিদা বেগম, অ্যাম্বুলেন্স ড্রাইভার আলম ও বাজেট শাখার অফিস সহায়ক মাসুদসহ শতাধিক কর্মকর্তা-কর্মচারীর কিস্তির টাকা আত্মসাৎ করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম ও রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

 

খবরওয়ালা/এসআই

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।