এইচএসসিতে একসঙ্গে পাস করলেন বাবা-মেয়ে

নাটোরের লালপুরে এক বাবা-মেয়ের কাহিনি শিক্ষার প্রতি অনুপ্রেরণার দৃষ্টান্ত স্থাপন করেছে। এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া আব্দুল হান্নান এবং তাঁর মেয়ে হালিমা খাতুন দুজনই সফল হয়েছেন। মজার বিষয় হলো—ফলাফলে হালিমাকে পেছনে ফেলে জিপিএ-৪.৩৩ অর্জন করেছেন বাবা আব্দুল হান্নান, আর তাঁর মেয়ে হালিমা খাতুন জিপিএ-৩.৭১ পেয়েছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এ বছরের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর এই সাফল্যের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয়রা বাবা-মেয়ের এ অর্জনকে প্রশংসায় ভাসাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালপুর পৌরসভার নারায়ণপুর গ্রামের মৃত লাল মিয়ার ছোট ছেলে আব্দুল হান্নান ১৯৯৮ সালে নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হন। এরপর সংসারজীবনে মনোযোগ দিলেও তাঁর শেখার আগ্রহ কখনো কমেনি।

দীর্ঘ ২৫ বছর পর ২০২৩ সালে রুইগাড়ি উচ্চবিদ্যালয় থেকে পুনরায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে তিনি পাস করেন। তখন কাউকে না জানিয়ে নিজের মেয়ের সঙ্গে পরীক্ষায় অংশ নেন। ফলাফল প্রকাশের পর এলাকায় ব্যাপক সাড়া ফেলে।

পরে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় আব্দুল হান্নান অংশ নেন রাজশাহীর বাঘার কাকড়ামারি কলেজ থেকে এবং তাঁর মেয়ে হালিমা খাতুন অংশ নেন গোপালপুর ডিগ্রি কলেজ থেকে। দুজনেই উত্তীর্ণ হয়ে প্রমাণ করেছেন, বয়স কখনো শিক্ষার বাধা নয়।

মেয়ে হালিমা খাতুন বলেন, পরিবারে দারিদ্র্য থাকলেও বাবার পড়াশোনার ইচ্ছাশক্তি আমাকে অনুপ্রাণিত করেছে। আমরা চাই একসঙ্গে মাস্টার্স পর্যন্ত পড়াশোনা শেষ করতে।

বাবা আব্দুল হান্নান বলেন, ছোটবেলায় দারিদ্র্যের কারণে পড়াশোনা শেষ করতে পারিনি। মেয়েকে পড়াতে গিয়ে নিজের পড়ার আগ্রহ ফিরে পাই। বয়স কোনো বাধা নয়, ইচ্ছা থাকলে শেখা সম্ভব, আমি সেটাই প্রমাণ করেছি।

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান বলেন, এটি সত্যিই অনুপ্রেরণাদায়ক একটি ঘটনা। একসঙ্গে বাবা-মেয়ে এইচএসসি পাস করেছেন, এটি সমাজে শিক্ষার প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করবে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।