অনলাইন ডেস্ক
প্রকাশ: 12শে কার্তিক ১৪৩২ | ২৭ই অক্টোবর ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শিরোনামহীন ঘোষণা করেছে তাদের জনপ্রিয় গান ‘এই অবেলায়’-এর সিকুয়েল ‘এই অবেলায়-২’। এটি ব্যান্ডের সর্বশেষ অ্যালবাম ‘বাতিঘর’-এর শেষ গান হিসেবে আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি পাচ্ছে।
গানটির মিউজিক ভিডিও ধারণ করা হয়েছে থাইল্যান্ডের মনোরম বিভিন্ন লোকেশনে। ভিডিওটির প্রযোজনায় সহযোগিতা করেছে খ্যাতনামা স্থাপনা নির্মাণ প্রতিষ্ঠান দি প্রিমিয়াম হোমস লিমিটেড। গানটি একই দিনে বাংলা ও ইংরেজি—দুই ভার্সনেই প্রকাশিত হবে।
‘এই অবেলায় ২’ গানের কথা লিখেছেন জিয়াউর রহমান, আর সুর ও মিউজিক ভিডিও পরিচালনা করেছেন কাজী আহমেদ শাফিন।
ভিডিওতে মডেল হিসেবে থাকছেন জনপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী নীল হুরেরজাহান। এছাড়াও কিছু দৃশ্যে অভিনেতা তৌসিফ মাহবুবকে স্থিরচিত্রে দেখা যাবে। গানটির অফিসিয়াল টিজার ইতোমধ্যে শিরোনামহীনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।
এছাড়াও, আজ মুক্তি পাচ্ছে ‘বাতিঘর’ অ্যালবামের নবম গান ‘ক্লান্ত কফিশপ’। গানটির কথা ও সুর করেছেন শেখ ইশতিয়াক। এটি শিরোনামহীনের প্রথম গান নির্মাণ কাজ। মিউজিক ভিডিওটি সন্ধ্যা ৭টায় প্রকাশিত হবে শিরোনামহীনের ইউটিউব চ্যানেলে।
‘ক্লান্ত কফিশপ’ মুক্তির পরই শিরোনামহীনের সদস্যরা কানাডার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। এটি ব্যান্ডের প্রথম কানাডা সফর। ব্যস্ত সময়ের মধ্যেও শিরোনামহীন ক্রমাগত নতুন গান রিলিজ চালিয়ে যাচ্ছে।
খবরওয়ালা/শরিফ