একটি মহল নিরীহ মানুষদেরও মামলায় আসামি করছে: আইজিপি

৫ আগস্টের পর করা মামলাগুলোতে নিরীহ মানুষদের হয়রানির চেষ্টা নজরে এসেছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেছেন, কোনো নিরীহ ব্যক্তিকে গ্রেপ্তার বা হয়রানি করা যাবে না।

সোমবার (২৮ এপ্রিল) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে আইজিপি স্পষ্টভাবে জানান, মামলা রুজুর পর তদন্তে সত্যতা যাচাই করে কেবল দোষীদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।

আইজিপি বলেন, ‘৫ আগস্টের পর একটি মহল মূল আসামির সঙ্গে নিরীহ মানুষদেরও মামলায় আসামি করছে, হয়রানির উদ্দেশ্যে। বিষয়টি আমাদের নজরে এসেছে।’

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘সাংবাদিকসহ অনেকের বিরুদ্ধেই মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে। যেহেতু এখন সবাই নিজের হাতে লিখে অভিযোগ নিয়ে আসে, তাই মামলা রুজুর সময় সত্য-মিথ্যা যাচাই করার সুযোগ থাকে না। অভিযোগ নিতে হয়। পরে তদন্তের মাধ্যমে যাচাই করে সত্য অংশটি আদালতে উপস্থাপন করা হয়।’

তিনি উল্লেখ করেন, ‘৫ আগস্টের পর দেখা গেছে, অনেকে অসৎ উদ্দেশ্যে, অর্থ আদায়ের জন্য কিংবা হয়রানি বা ভয় দেখানোর জন্য মামলা করছে। অপরাধ করেছেন মাত্র কয়েকজন, অথচ মামলায় ৩০০ জনেরও বেশি ব্যক্তির নাম দেওয়া হচ্ছে। এমনকি গতকালও এ ধরনের একটি মামলা হয়েছে।’

আইজিপি বাহারুল আলম দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে—কোনো নিরীহ ব্যক্তিকে যেন গ্রেপ্তার বা হয়রানি না করা হয়। তদন্তে যার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যাবে, কেবল তার বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আইজিপি বলেন, ‘দেশবাসীকে অনুরোধ, আমাদের ভুল–ত্রুটি ধরিয়ে দেন। তবে আমাদের কাছে যেন কোনো অন‍্যায় আবদার করা না হয়।’

 

 

খবরওয়ালা/আরডি

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।