এমপিও শিক্ষক-কর্মচারীর বেতন আজ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত পৌনে চার লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন দেওয়া হচ্ছে আজ।

রবিবার (১ জুন) বিকেলের শিক্ষক-কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে বেতনের টাকা পাঠানো হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আজ বিকেলের মধ্যে বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক ও কর্মচারীদের বেতন নিজ নিজ অ্যাকাউন্টে ঢুকে যাবে। আর আগামীকাল সোমবার শিক্ষক-কর্মচারীরা বোনাসের টাকা পাবেন।

এদিকে, এবার ঈদে শিক্ষকরা মূল বেতনের ৫০ শতাংশ বোনাস পাবেন। আগে তারা মূল বেতনের ২৫ শতাংশ বোনাস পেতেন। আর কর্মচারীরা আগের মতোই ৫০ শতাংশ উৎসব ভাতা পাবেন।

গত ২৬ মে শিক্ষকদের বোনাস ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার সম্মতিপত্র জারি করে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

জানা যায়, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন-ভাতা পান। তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত ৮টি ব্যাংকের মাধ্যমে ‘অ্যানালগ’ পদ্ধতিতে ছাড় হয়। এ অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো।

এর পরিপ্রেক্ষিতে গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন-ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়।

প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের ২০৯ জন শিক্ষক-কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয়। পরবর্তী সময়ে গত ১ জানুয়ারি ১ লাখ ৮৯ হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন-ভাতার সরকারি অংশের টাকা পান। পরে ধাপে ধাপে বাকি শিক্ষক-কর্মচারীদের বেতন দেওয়া শুরু হয়।

খবরওয়ালা/এমইউ 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।