কুষ্টিয়া শহর বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল

নিজ সংবাদ ॥ সদ্য ঘোষিত কুষ্টিয়া পৌর বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল হয়েছে। গতকাল রবিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় মশাল মিছিলের নেতৃত্ব দেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র মহিউদ্দিন চৌধুরী মিলন। জানা যায়, গত শনিবার রাতে জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার স্বাক্ষরিত পৌর বিএনপির আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়। ৩১ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক করা হয় শওকত হাসান বুলবুলকে এবং সদস্যসচিব করা হয় পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ, কে বিশ্বাস বাবুকে। কমিটি ঘোষণার পর ওই আহ্বায়ক কমিটির বিরোধিতা করে বিএনপির একাংশ। এরই ধারাবাহিকতায় রবিবার সন্ধ্যায় মশাল মিছিল বের করে মহিউদ্দিন চৌধুরী মিলনের সমর্থক নেতাকর্মীরা।

মশাল মিছিলটি শহরের পায়রা চত্বর থেকে শুরু হয়ে এন.এস.রোড হয়ে থানা মোড়ে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি নেতা মহিউদ্দিন চৌধুরী মিলন বলেন, জেলার আহবায়ক কমিটিতে আমাকে যেমন অবহেলা করা হয়েছে ঠিক তেমনি শহরের আহবায়ক কমিটিতেও অবহেলা করা হলো। আমি এবং আমরা দলের জন্য যে সংগ্রাম করেছি বা এখনও করছি সেটার কিঞ্চিত পরিমান মূল্যায়ণ পেলাম না। এটা এক ধরনের স্বৈরাচারিতা উল্লেখ করে মহিউদ্দিন চৌধুরী মিলন বলেন, জেলা এবং শহর আহবায়ক কমিটিতে যে সকল লোকদের পদে রাখা হয়েছে তাদের অধিকাংশকেই মানুষ চিনে না।

অথচ তাদেরকেই বড় বড় পদে রাখা হয়েছে। আর সংগ্রামী নেতাদের পদবঞ্চিত করা হয়েছে। তিনি বলেন,আমাদের দাবি, অবিলম্বে এই শহর আহবায়ক কমিটি বাতিল করা হোক। এই কমিটি আমরা মানি না, মানবো না। জানা গেছে,মহিউদ্দিন চৌধুরী মিলন  জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র।তাকে কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কমিটিতে সদস্য ও শহর কমিটিতে যুগ্ম আহবায়ক করা হয়েছে। এ বিষয়ে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, আমার মনে হয় না এর থেকে সুষ্ঠ কমিটি এর আগে হয়েছে। সবাইকে কমিটিতে রাখা হয়েছে। এখন সবাই যদি আহবায়ক কিংবা সদস্য সচিব হতে চাই সেটা তো সম্ভব নয়।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।