ক্যাম্পাসে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ইবি শিক্ষার্থীর

ঈদের ছুটি শেষে ক্যাম্পাসে ফেরার পথে বাস ও ট্রাকের সংঘর্ষে রাশেদুল ইসলাম নামের ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ জুন) সকালে কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসে আসার পথে বিত্তিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রাশেদুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের স্নাতক ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সম্প্রতি তিনি স্নাতকোত্তর পরীক্ষা সম্পন্ন করেছেন। তার বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায়।

সহপাঠীরা জানান, রাশেদ রাতের ট্রেনে জয়পুরহাট থেকে কুষ্টিয়ার পোড়াদহ স্টেশনে আসেন। পরবর্তীতে সেখান থেকে কুষ্টিয়া শহরে যান। সেখান থেকে শ্যামলী পরিবহনে উঠে ক্যাম্পাসের দিকে আসছিলেন। সিট না পেয়ে তিনি বাসের ইঞ্জিন কাভারে বসেছিলেন। বাসটি বিত্তিপাড়া এলাকায় এলে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে পরে যান তিনি।

সহপাঠী তানভির মাহমুদ জানান, রাশেদের মুখের চোয়াল ভেতরে দুই-তিন খণ্ড হয়ে গেছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে৷ হাসপাতালে নেওয়া পর্যন্ত জ্ঞান ছিল। পরে প্রায় আধাঘণ্টা পর ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুস সালাম বলেন, দুর্ঘটনার কবলে পড়ে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গোসল ও দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

এদিকে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পৃথক বার্তায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম গভীর শোক প্রকাশ করেন। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জনান।

খবরওয়ালা/এমইউ 

Z ক্যাম্পাসে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ইবি শিক্ষার্থীর
Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।