খুবিতে র‍্যাগিং-ধর্ম অবমাননাসহ বিভিন্ন অভিযোগে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার

খুলনা বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং, মারামারি, ধর্ম অবমাননা ও মাদকসহ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া সাত শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক নাজমুস সাদাত সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। ৯ অক্টোবর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের ২৭তম সভায় তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ছাত্রবিষয়ক পরিচালকের দপ্তর থেকে প্রকাশিত অফিস আদেশে বলা হয়েছে, অপরাধের মাত্রা অনুযায়ী শিক্ষার্থীদের স্থায়ী ও সাময়িক বহিষ্কার, আর্থিক জরিমানা এবং মুচলেকা দেওয়ার মতো বিভিন্ন শাস্তি দেওয়া হয়েছে।

শিক্ষকের ওপর হামলার অভিযোগে বাংলা ডিসিপ্লিনের শিক্ষার্থী মোবারক হোসেন নোমানকে স্থায়ীভাবে বহিষ্কার, তার সনদ বাতিল এবং ক্যাম্পাসে আজীবন প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার পর মানবিক বিবেচনায় তার সনদ বাতিলের সিদ্ধান্তটি শর্তসাপেক্ষে স্থগিত করা হয়েছে।

মাদক সেবন, বেচাকেনার অভিযোগে অর্থনীতি ডিসিপ্লিনের হাসান হাওলাদার এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের আমিনুল ইসলামকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

ক্যাম্পাসে মারামারির ঘটনায় আইন ডিসিপ্লিনের জাহিদুল ইসলামকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় আইন ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মেহেরাফ হোসেন ও আমিনুল এহসানকে বিশ্ববিদ্যালয়ের আচরণবিধি পরিপন্থী কোনো কাজে সম্পৃক্ত না হওয়ার শর্তে অভিভাবকসহ মুচলেকা দিতে বলা হয়েছে।

ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের রাসেল শেখকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একই অভিযোগে একই ডিসিপ্লিনের তনয় রায়কে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। র‍্যাগিংয়ের ঘটনায় গণিত ডিসিপ্লিনের কে এম রাউফুল আলমকে (অর্ণব) ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। একই ডিসিপ্লিনের রিমন মিয়া, আহসান হাবীব ও সালমান হোসেনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা এবং অভিভাবকসহ মুচলেকা দিতে বলা হয়েছে।

এ ছাড়া ক্যাম্পাসে মারামারির ঘটনায় শিক্ষা ডিসিপ্লিনের উমর ফারুক ও সাদমান উদ দৌলাকে চলতি টার্মের জন্য একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের মনিরুজ্জামান রিয়াদ ও শিক্ষা ডিসিপ্লিনের জিয়াদ আল সামসকে পাঁচ হাজার টাকা করে জরিমানা এবং অভিভাবকসহ মুচলেকা দিতে বলা হয়েছে। গালাগাল ও প্রাণনাশের হুমকির অভিযোগে গণিত ডিসিপ্লিনের তিন শিক্ষার্থী—বাবুল আক্তার দুর্জয়, রাশেদ খান মেনন ও বাঁধন রায়কে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

 

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।