গণপিটুনিতে নিহত বাংলাদেশির মরদেহ ফেরত দিলো বিএসএফ

ভারতের মেঘালয়ে স্থানীয়দের গণপিটুনিতে নিহত বাংলাদেশি যুবক মো. আকরাম হোসেনের (৩০) মরদেহ সাত দিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

রবিবার (১৭ আগস্ট) বিকেলে নেত্রকোনার কলমাকান্দার মহেশখোলা বিওপির মেইন পিলার ১১৮৮ সংলগ্ন এলাকা দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে ওই মরদেহ হস্তান্তর করে বিএসএফ।

নিহত মো. আকরাম হোসেন শেরপুরের ঝিনাইগাতি উপজেলার বাঁকাকুড়া গ্রামের মৃত জহির উদ্দীনের ছেলে।

এর আগে গত ১০ আগস্ট ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম খাসি হিলস জেলায় অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে প্রবেশ করে আকরাম। এরপর অপহরণের চেষ্টার অভিযোগ তুলে স্থানীয়দের গণপিটুনিতে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরপর আইনি প্রক্রিয়া শেষে বিএসএফ ও বিজিবির সমন্বয়ে শেষ পর্যন্ত কলমাকান্দার মহেশখোলা বিওপি নিয়ে মরদেহটি হস্তান্তর করে ভারত।

নিহত আকরামের ভাই শেখ ফরিদ বলেন, ‘আমার ছোট ভাই আকরাম হোসেনের মৃত্যুর খবর আমি প্রথমে ফেসবুকের মাধ্যমে জানতে পারি। খবর পাওয়ার পর থেকেই আমরা বিজিবি এবং ঝিনাইগাতি থানা পুলিশের সঙ্গে যোগাযোগ রেখেছি, যেন আমার ভাইয়ের মরদেহ দ্রুত বাংলাদেশে আনা যায়। তবে আমার পরিবারের অবস্থা খুবই খারাপ, মা শোকে ভেঙে পড়েছেন।’

তিনি আরও বলেন, ‘প্রশাসনের কাছে অনুরোধ করছি, যেন আইনানুগ প্রক্রিয়া শেষে আমার ভাইয়ের মরদেহ দ্রুত আমাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।’

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।