গণমাধ্যমের ওপর সরকারি হস্তক্ষেপ অনেকটাই কমেছে— দাবি নাহিদ ইসলামের

গণমাধ্যমের ওপর সরকারি হস্তক্ষেপ আগের তুলনায় অনেকটাই কমেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে বিলম্ব অনাকাঙ্ক্ষিত; এ নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।’

রবিবার (৪ মে) জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সম্পাদক পরিষদের আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের গত ১৬ বছরের দলীয়করণ নীতির বাইরে গণমাধ্যমও ছিল না। ফলে গণমাধ্যমকে এ ফ্যাসিবাদী কাঠামো থেকে বের করে আনতে হলে স্পষ্ট ও সুনির্দিষ্ট রূপরেখা প্রয়োজন। না হলে জুলাই-পরবর্তী সময়ের জন্য যেভাবে মুক্ত গণমাধ্যমের প্রত্যাশা করা হচ্ছে, তা অর্জন সম্ভব হবে না।’

তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময় আমরা গণমাধ্যমে অনেক মিস ইনফরমেশন দেখেছি। গণমাধ্যমকে আরও বেশি পেশাদার হতে হবে। কারণ ভুল তথ্যের শিকার রাজনৈতিক শক্তি হিসেবে আমরাও হয়েছি।’

সরকারি চাপের প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘অতীতে গণমাধ্যম বিভিন্ন সময়ে সরকারি হস্তক্ষেপের মুখে পড়েছে। তবে আমি মনে করি, বর্তমান সময়ে হস্তক্ষেপের মাত্রা অনেকটাই কমে এসেছে। আমার দায়িত্বকালে এই হস্তক্ষেপ আরও সীমিত ছিল। আমরা কোনো গণমাধ্যম বন্ধের পক্ষে নই। তবে তাদের অভ্যন্তরীণ ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলাই আমাদের উদ্দেশ্য।’

সভায় আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সভাপতি ও কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি প্রমুখ।

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।