গহিন পাহাড়ে গোপন বন্দিশালা থেকে ৪৪ জনকে উদ্ধার

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে অভিযান চালিয়ে কোস্ট গার্ড নারী ও শিশুসহ ৪৪ জনকে উদ্ধার করেছে। তাদের সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা হয়েছিল।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকালে টেকনাফ স্টেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. সালাহউদ্দিন রশীদ তানভীর এই তথ্য জানান। তিনি জানান, পাচারকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

লে. কমান্ডার সালাহউদ্দিন রশীদ তানভীর বলেন, ‘বৃহস্পতিবার মধ্যরাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের পিনিসভাঙ্গা এলাকার গহীন পাহাড়ের গোপন বন্দিশালায় সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ কিছু সংখ্যক লোকজনকে জড়ো করার খবর পায় কোস্টগার্ড। এই খবরে কোস্টগার্ডের একটি দল বৃহস্পতিবার মধ্যরাত ২টা থেকে শুক্রবার সকাল ৭টা পর্যন্ত সেখানে অভিযান চালায়। এতে সন্দেহজনক আস্তানাটি ঘিরে ফেললে কোস্টগার্ড। কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৭-৮ জন লোক কৌশলে পালিয়ে যায়। পরে পাহাড়ের চূড়ায় পাচারকারীদের গোপন আস্তানা থেকে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ৪৪ জনকে উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, ‘টেকনাফ সাগরপথে মানবপাচারে জড়িত কয়েকটি সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে। যারা বিদেশে উচ্চ বেতনের চাকরি, সুবিধাজনক কর্মসংস্থান, উন্নত জীবনযাপনের স্বপ্ন, অল্প খরচে বিদেশ যাত্রা এবং বিনা অর্থে বিদেশ পাঠানো প্রলোভন দেখিয়ে রোহিঙ্গাদের পাশাপাশি বাংলাদেশি নাগরিকদেরও জড়ো করত। পরে পাচারকারীরা তাদের আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায় করার চেষ্টা করছিল।’

উদ্ধার হওয়া ব্যক্তিদের স্বজনদের কাছে ফেরত পাঠাতে টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন লে. কমান্ডার মো. সালাহউদ্দিন রশীদ তানভীর।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।