খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
গাজীপুরের কাপাসিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মা-ছেলেসহ সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ জুন) বিকেল পৌনে ৩টার দিকে কাপাসিয়া সদর ইউনিয়নের জামিরারচর এলাকার পল্লী বিদ্যুৎ সাব-স্টেশন নামক স্থানে গাজীপুর-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন কিশোরগঞ্জের ইটনা থানার কমলবুক গ্রামের মো. তানভীরের স্ত্রী রত্না আক্তার (২৩) ও তাঁর তিন বছর বয়সী ছেলে মো. শায়ান এবং একই উপজেলার কৃষ্টপুর থানা এলাকার আবুল কালামের ছেলে মো. তহিদুল্লাহ মিয়া (২৫)।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, কিশোরগঞ্জ থেকে সিএনজিচালিত অটোরিকশায় গাজীপুর যাওয়ার পথে কাপাসিয়ার জামিরারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গাজীপুর থেকে কিশোরগঞ্জগামী অনন্যা পরিবহনের একটি বাস অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশার যাত্রীরা গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রত্নাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে সন্ধ্যায় তিনিও মারা যান।
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কৃষ্ণ কুমার দাস বলেন, ‘দুজনকে হাসপাতালে মৃত আনা হয়। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল।’
কাপাসিয়া থানার উপপরিদর্শক সোহাগ হোসেন বলেন, ‘ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। গুরুতর একজনকে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
খবরওয়ালা/এসআর