গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিয়ের মাত্র এক মাসের মাথায় নববধূ জরিনা বেগম (১৮)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ জুন) রাতে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ সরকারপাড়া গ্রামে স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জরিনার বাবার বাড়ি সুন্দরগঞ্জের কাপাসিয়া ইউনিয়নের লালচামার গ্রামে। তিনি মুন্নাফ মিয়ার স্ত্রী এবং নুরনবী মিয়ার মেয়ে।
মঙ্গলবার (১৭ জুন) সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি। তবে মরদেহ গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, কিছুদিন আগে জরিনা ও মুন্নাফের বিয়ে হয়। বিয়ের পর থেকেই জরিনা ও তার স্বামীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদের ঘটনা ঘটত। স্থানীয়দের ধারণা, এই কলহের জেরে নববধূ আত্মহত্যা করতে পারেন।
তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি।
খবরওয়ালা/আরডি