খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ই নভেম্বর ২০২৫, ৭:১ পিএম
গাজীপুরের বাঘেরবাজার এলাকায় অবস্থিত স্ট্যান্ডার্ড ফিনিক্স কয়েল কারখানায় লাগা আগুন তিন ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের শ্রমিকদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
দুপুর ১টার দিকে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় অবস্থিত স্ট্যান্ডার্ড ফিনিক্স কয়েল লিমিটেড কারখানায় হঠাৎ আগুন লাগে। প্রথমে কারখানার নিরাপত্তাকর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে আগুন তীব্র আকারে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। এরপর জয়দেবপুর ফায়ার সার্ভিস, শ্রীপুরসহ আশপাশের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
এ সময় কারখানার আশপাশের এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। কারখানায় দাহ্য পদার্থ এবং কয়েল তৈরির কাঁচামাল থাকায় আগুনের তীব্রতা আরও বৃদ্ধি পায়। তিন ঘণ্টা পর ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় বিকেল ৪টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মামুন ঘটনাটি নিশ্চিত করে বলেন, “ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন সেখানে নজরদারি চলছে। তবে, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।”
খবরওয়ালা /এসএস
মন্তব্য