গ্রেপ্তারের তিন দিন পর অন্তঃসত্ত্বা স্ত্রীর জানাজায় অংশ নেন যুবলীগ কর্মী

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘সশস্ত্র’ হামলার অভিযোগে গ্রেপ্তার যুবলীগ কর্মী মো. সুমন (৪৫) তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর জানাজায় অংশ নিয়েছেন।

সোমবার বিকেলে উপজেলার দড়ি সোনাকান্দা মোড়ে জানাজার নামাজে অংশ নেন তিনি। বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, সুমনকে পুলিশি প্রহরায় জানাজায় নেওয়া হয়েছে এবং পরে তাকে আবার নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সোনাকান্দা এলাকার বাসিন্দা সুমনকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। রবিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার অন্তঃসত্ত্বা স্ত্রী হাফেজা বেগম মারা যান। এর আগে দুপুরে অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসকরা তার মৃত সন্তান প্রসব করান।

সুমনের বড় ভাই ইকবাল হোসেন জানান, ‘আমার ভাই বর্তমানে কোনো পদে না থাকলেও যুবলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। এর আগে তিনি ছাত্রলীগের বন্দর উপজেলার সোনাকান্দা ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন।’

ইকবাল আরও বলেন, ‘সুমন গ্রেপ্তারের পর নয় মাসের অন্তঃসত্ত্বা হাফেজা দুই দিন ধরে থানা ও আদালতে ছুটে বেড়িয়েছেন। চলতি মাসের শেষে সন্তান জন্মের সম্ভাবনা ছিল, কিন্তু শনিবার সকাল থেকে অসুস্থ হয়ে পড়েন। পরে ঢাকা মেডিকেলে ভর্তি হলে রবিবার দুপুরে অস্ত্রোপচারের মাধ্যমে মৃত সন্তান প্রসব করেন এবং রাতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’

জানাজায় উপস্থিত স্থানীয়রা জানিয়েছেন, স্বজনরা সুমনকে তার নবজাতক সন্তানের ছবি দেখালে তিনি কান্নায় ভেঙে পড়েন। জানাজা শেষে তাকে আবার কারাগারে নেওয়া হয়।

স্থানীয়দের ভাষ্য, সুমন বন্দর উপজেলার যুবলীগ নেতা খান মাসুদের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং এলাকার ব্রডব্যান্ড সংযোগ ব্যবসার একটি অংশ নিয়ন্ত্রণ করতেন। মাসুদ বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘সশস্ত্র হামলা ও হত্যার’ অভিযোগে দায়ের করা মামলার পলাতক আসামি। স্থানীয় আওয়ামী লীগের এক নেতা জানান, আওয়ামী লীগ সরকার পতনের পর সুমন কিছুদিন আত্মগোপনে থাকলেও পরে এলাকায় ফিরে আসেন।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।