চরমপন্থি সংগঠনের নামে কুষ্টিয়ায় শিক্ষকদের কাছে চাঁদা দাবি

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় কয়েকজন শিক্ষকের কাছে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (লাল পতাকা)-এর নাম ভাঙিয়ে চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে। ভয় দেখিয়ে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ভুক্তভোগীরা জানিয়েছেন, অপরিচিত ব্যক্তিরা নিজেদের ওই সংগঠনের নেতা ও সদস্য পরিচয় দিয়ে কল করে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে টাকা দাবি করছে। কেউ কেউ ভয়ে বিকাশে টাকা পাঠিয়েছেনও। তবে বেশির ভাগই নিরাপত্তার কথা চিন্তা করে বিষয়টি গোপন রেখেছেন।

মিরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জয়শ্রী পাল বলেন, শনিবার সকালে একটি অপরিচিত নম্বর থেকে কল আসে। ফোনের অপরপ্রান্তের ব্যক্তি নিজেকে ওই সংগঠনের সদস্য পরিচয় দিয়ে তাঁর ও পরিবারের বিস্তারিত তথ্য জানায়। পরে নেতার সঙ্গে কথা বলার কথা বলে চাঁদা দাবি করে এবং না দিলে ক্ষতির হুমকি দেয়।

একই নম্বর থেকে পরে ফোন যায় মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিভাস কুমার পালের কাছে। তিনি জানান, ভয় পেয়ে পরিবারের নিরাপত্তার স্বার্থে প্রথমে ১০ হাজার টাকা পাঠাতে বাধ্য হন। কিন্তু এরপরও বারবার ফোন করে আরও টাকা দাবি করা হচ্ছে।

এদিকে সাগরখালী আদর্শ ডিগ্রি কলেজের প্রভাষক উত্তম দেবনাথও একইভাবে কল পেয়ে রাতে বিকাশে টাকা দিয়েছেন বলে জানান। তিনি মনে করেন, প্রতারক চক্র সংগঠনের নাম ভাঙিয়ে শিক্ষকদের টার্গেট করছে।

কুষ্টিয়া জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জয়দেব বিশ্বাস বলেন, বিষয়টি জানার পরপরই প্রশাসনকে অবহিত করা হয়েছে। তাঁর ধারণা, স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির পরিচয় ব্যবহার করে প্রতারণা করছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বলেন, এখনো আনুষ্ঠানিক কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুদীপ্ত সরকার জানান, বিষয়টি মৌখিকভাবে জানা গেছে। যেসব নম্বর থেকে কল করা হয়েছে, তার লোকেশন মাদারীপুর জেলা দেখাচ্ছে। প্রতারক চক্র ভুয়া পরিচয় ব্যবহার করে ভয় দেখিয়ে অর্থ আদায় করছে। তিনি শিক্ষকদের যেকোনো ধরনের চাঁদার দাবিকে অগ্রাহ্য করে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ জানানোর আহ্বান জানান।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।