খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
জন্মহার কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে চীন সরকার তিন বছরের কম বয়সী শিশুদের জন্য বার্ষিক ৩ হাজার ৬০০ ইউয়ান (বাংলাদেশি টাকায় প্রায় ৬১ হাজার) নগদ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। অর্থাৎ, প্রতিটি শিশু তিন বছরে সর্বোচ্চ ১০ হাজার ৮০০ ইউয়ান বা প্রায় দুই লাখ টাকা পর্যন্ত পাবে।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, এটি দেশটির প্রথম সার্বজনীন জন্মভিত্তিক ভর্তুকি কর্মসূচি। এর আওতায় প্রাথমিকভাবে প্রায় দুই কোটি পরিবার এই সহায়তা পাবে।
চীনের সরকারি সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানায়, এ ভর্তুকি কার্যকর হবে ২০২৪ সালের জানুয়ারি থেকে। যেসব শিশু ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে জন্ম নিয়েছে, তাদের পরিবার আংশিক সহায়তার জন্য আবেদন করতে পারবে।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি বর্তমানে চরম জনসংখ্যাগত সংকটের মুখোমুখি। বহু বছর আগেই সমালোচিত এক-সন্তান নীতি বাতিল করলেও জন্মহার বেড়েছে সামান্যই। এমন প্রেক্ষাপটে নতুন করে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে চীনের বিভিন্ন প্রদেশ সন্তান জন্মদানে উৎসাহ দিতে নিজস্ব অর্থনৈতিক প্রণোদনা চালু করেছে। যেমন—উত্তরাঞ্চলীয় হোহহট শহরে তিন বা ততোধিক সন্তানের প্রতিটি সন্তানের জন্য এক লাখ ইউয়ান পর্যন্ত দেওয়া হচ্ছে। বেইজিংয়ের উত্তর-পূর্বে শেনইয়াং শহরে তৃতীয় সন্তানের পরিবারকে প্রতি মাসে ৫০০ ইউয়ান করে ভাতা দিচ্ছে।
এছাড়া কেন্দ্রীয় সরকার সম্প্রতি স্থানীয় প্রশাসনগুলোকে বিনামূল্যে প্রাক-প্রাথমিক শিক্ষার পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছে।
চীনে সন্তান লালনপালনের ব্যয় তুলনামূলকভাবে বিশ্বে অন্যতম বেশি। স্থানীয় ইউওয়া পপুলেশন রিসার্চ ইনস্টিটিউট–এর এক গবেষণায় দেখা গেছে, দেশটিতে একজন শিশুকে ১৭ বছর পর্যন্ত বড় করতে গড়ে ৭৫ হাজার ৭০০ মার্কিন ডলার ব্যয় হয়।
চীনের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে দেশটিতে জন্মগ্রহণ করে ৯৫ লাখ ৪০ হাজার শিশু—যদিও এটি আগের বছরের তুলনায় সামান্য বৃদ্ধি, তবে জনসংখ্যার সামগ্রিক হার কমতে থাকায় উদ্বেগ থেকেই যাচ্ছে। বর্তমানে ১৪০ কোটির অধিক জনসংখ্যার একটি বড় অংশ প্রবীণ, যা দেশটির ভবিষ্যৎ অর্থনীতি ও সামাজিক কাঠামোর জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে।
সূত্র: বিবিসি
খবরওয়ালা/এসআই