চোখের পলকে টাকা গায়েব করে দিলেন ‘দুই বিদেশি’

রাজশাহীতে বিদেশি পরিচয় দিয়ে অভিনব কায়দায় টাকা চুরি করেছেন দুই প্রতারক। এক দোকানির কাছ থেকে টাকার বান্ডিল নিয়ে মুহূর্তের মধ্যে গায়েব করে দিয়েছেন ১৯ হাজার ৫০০ টাকা।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকালে রাজশাহী মহানগরীর সাহেববাজার বড়মসজিদ সংলগ্ন একটি দোকানে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী এজাজ আহাম্মেদ (৩০) বোয়ালিয়া মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি মোবাইল রিচার্জ ও মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা করেন। তার বাড়ি মহানগরীর দরগাপাড়া মহল্লায়।

ঘটনার দৃশ্য দোকানের সিসি ক্যামেরায় ধরা পড়েছে। ফুটেজে দেখা যায়, প্রায় ৬০ বছরের এক ব্যক্তি ৪৫ বছরের আরেকজনকে সঙ্গে নিয়ে দোকানে আসেন। তারা দোকানির কাছে বাংলাদেশি নতুন নোট দেখতে চান।

প্রথমে দোকানি বয়স্ক ব্যক্তিকে ১ হাজার টাকার একটি নোট দেখান। এরপর তিনি ‘ফাইভ হান্ড্রেড’ বলে ৫০০ টাকার নোট দেখতে চান। দোকানি একটি ৫০০ টাকার নোট দিলেও ওই ব্যক্তি পুরো বান্ডিল দেখতে চান। এসময় এজাজ ৫০ হাজার টাকার একটি বান্ডিল বের করলে, চোখের পলকেই প্রতারক কৌশলে নিচ থেকে কিছু নোট আলাদা করে নিজের কাছে রাখেন। ফেরত দেওয়ার সময় কেবল ওপরের অংশ ফেরত দিয়ে বাকিটা পকেটে ভরে নেন।

ভুক্তভোগী এজাজ আহাম্মেদ বলেন, ‘যে ব্যক্তি টাকা দেখতে চেয়েছিলেন তিনি নিজেকে ‘ফরেনার’ বলেছিলেন। অন্যজন বলেছিলেন তিনি শ্রীলংকান। তারা দোকানে এসে ‘মানি এক্সচেঞ্জ, মানি এক্সচেঞ্জ’ বলতে থাকেন। আমি তাদের মুদ্রা বিনিময়ের দোকানও দেখিয়ে দিই। কিন্তু একজন নতুন নোট দেখতে চান। ভেবেছিলাম বিদেশি হওয়ায় হয়তো নোট চেনেন না, প্রতারিত হতে পারেন। তাই সরল বিশ্বাসে বান্ডিল দেখতে দিয়েছিলাম। ওই সময় চোখের পলকেই ১৯ হাজার ৫০০ টাকা চুরি করে নেয়।’

‘প্রতারক দুজন ইংরেজির পাশাপাশি অন্য একটি ভাষায় কথা বলছিলেন। তাদের আচরণেই বিদেশি মনে হয়েছে। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।’ যোগ করেন তিনি।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘এ রকম ঘটনা ঘটেছে বলে জেনেছি। তবে থানার বাইরে থাকায় অভিযোগটা এখনো দেখা হয়নি। থানায় ফিরেছি, অভিযোগটা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।