জামালপুরের সরিষাবাড়ীর ঝিনাই নদীতে একটি যাত্রীবাহী নৌকা ডুবে মোর্শেদা বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার মেয়ে শোভা আক্তার (৬) এখনো নিখোঁজ রয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কামরাবাদ ইউনিয়নের ধারাবর্ষা খেয়াঘাটে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন।
নিহত মোর্শেদা ও নিখোঁজ শোভা ধারাবর্ষা গ্রামের আনসার আলীর স্ত্রী ও মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ধারাবর্ষা এলাকায় দুই দিনব্যাপী নৌকাবাইচ ও গ্রামীণ মেলার আয়োজন করা হয়। শুক্রবার সন্ধ্যায় নৌকাবাইচ শেষে মোর্শেদা বেগম ও তাঁর মেয়ে ফেরার পথে ধারাবর্ষা খেয়াঘাটে যান। তখন নৌকার মাঝি না থাকায় যাত্রীরা নিজেরাই নৌকা চালানোর চেষ্টা করেন। মাঝনদে পৌঁছালে নৌকাটি ডুবে যায়। অন্য যাত্রীরা স্থানীয় লোকজনের সহায়তায় তীরে উঠতে পারলেও মোর্শেদা বেগম ডুবে মারা যান। তাঁর মেয়ে শোভা এখনো নিখোঁজ।
সরিষাবাড়ী উপজেলা ফায়ার সার্ভিসের লিডার আবদুল্লাহ আল মামুন বলেন, ‘ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা গতকালই ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেছি। শনিবার সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মেয়েটিকে উদ্ধারে কাজ করছে।’
খবরওয়ালা/এসআর



