জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, বাসে আগুন

খবরওয়ালা অনলাইন ডেস্ক: জামালপুরে বাসের ধাক্কায় এক অটোরিকশা যাত্রী নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। নিহত ও আহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

রবিবার (২ মার্চ) সকাল ৯টার দিকে সদর উপজেলার শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যান বাড়ি এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক।

প্রত্যক্ষদর্শীরা জানান, শরীফপুর চেয়ারম্যান বাড়ির মোড়ে ময়মনসিংহ থেকে জামালপুরগামী রাজিব পরিবহনের একটি বাস যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা চারজন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মধ্যে একজন মারা যান। বাকি তিনজনের অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

জামালপুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার হানিফ উদ্দিন জানান, প্রথমে একবার বাসের আগুন নিয়ন্ত্রণে আনা হয়, পরে তেলের লাইন থেকে আবার আগুন ধরলে পুনরায় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক ঢাকা পোস্টকে জানান, বাসের ধাক্কায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আহত ও নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। নিহতের মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

খবরওয়ালা/জেআর 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।