টানা দুই সপ্তাহ ট্রেন্ডিংয়ে ‘চাঁদ মামা’, ইউটিউবে ভিউ ছাড়াল আড়াই কোটি

‘চাঁদ মামা’—শুধু একটি গান নয়, এখন যেন এক অনলাইন ঝড়ের নাম! শাকিব খান ও নুসরাত জাহানকে নিয়ে নির্মিত আইটেম গানটি ইউটিউবে প্রকাশের মাত্র ২০ দিনের মাথায় আড়াই কোটি ভিউ ছাড়িয়ে গেছে।

টানা দুই সপ্তাহ ধরে ইউটিউব ট্রেন্ডিংয়ের ১ ও ২ নম্বরে অবস্থান করছে গানটি, যা বাংলাদেশের মিউজিক ভিডিও জগতে এক বিরল ঘটনা।

‘বরবাদ’ সিনেমার এই গানটির টিজার প্রকাশেই ইঙ্গিত মিলেছিল যে, এটি হতে যাচ্ছে একটি হাই-ভোল্টেজ পারফরম্যান্স গান। পূর্ণাঙ্গ গানটি প্রকাশের পর সেই প্রত্যাশা যেন আরও ছাড়িয়ে গেছে।

গানটির দৈর্ঘ্য ৩ মিনিট ৩ সেকেন্ড। কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়ক প্রীতম হাসান ও দোলা রহমান। গানটির কথা ও সুরও প্রীতমের নিজের করা। ‘চাঁদ মামা’ রিলিজ হয়েছে রিয়েল এনার্জি প্রোডাকশন এবং প্রীতম হাসানের নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে।

9k= টানা দুই সপ্তাহ ট্রেন্ডিংয়ে ‘চাঁদ মামা’, ইউটিউবে ভিউ ছাড়াল আড়াই কোটি
‘বরবাদ’ সিনেমার গানের দৃশ্যে শাকিব খান ও নুসরাত জাহান। ছবি: ফেসবুক থেকে 

রিয়েল এনার্জি প্রোডাকশন থেকে গানটির ভিউ সংখ্যা ১ কোটি ৫৯ লাখ, আর প্রীতমের চ্যানেলে ১ কোটি ১ লাখ ছাড়িয়ে গেছে। দুই চ্যানেল মিলিয়ে ভিউয়ের সংখ্যা আড়াই কোটি ছাড়িয়েছে। দর্শকদের মন্তব্যসংখ্যাও ২৪ হাজারের বেশি।

গত বছর রায়হান রাফীর ‘তুফান’ সিনেমার ‘লাগে উরাধুরা’ গান দিয়েই প্রীতমের প্রতি নতুন করে আগ্রহ তৈরি হয়। সেই ধারাবাহিকতায় ‘চাঁদ মামা’ও জনপ্রিয়তার পথে এগিয়ে চলেছে।

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রীতম হাসান জানান, এই গান ২০১৭–১৮ সালের দিকে বানিয়েছিলেন। বরবাদ সিনেমার নির্মাতা মেহেদী হাসানকে গানটি শোনানোর পর তিনি পছন্দ করেন। এরপর গানটি সিনেমার উপযোগী করে ব্যবহার করা হয়।

গানটি নিয়ে দর্শকদের প্রতিক্রিয়াও বেশ উচ্ছ্বসিত। শাকিব খানের লুক ও নাচের প্রশংসা, পাশাপাশি নুসরাত জাহানের আবেদনময়ী পারফরম্যান্স গানটির জনপ্রিয়তায় বড় ভূমিকা রেখেছে।

অনেকে মন্তব্য করেছেন— ‘সহজ কথা, আকর্ষণীয় সুর আর দুর্দান্ত নাচ মিলিয়ে এই গানটি দীর্ঘ সময় শ্রোতা-দর্শকদের মনে জায়গা করে নেবে।’

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।