খবরওয়ালা আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধ শেষ করতে একটি চুক্তির প্রস্তুতি নিচ্ছে, যেখানে রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ক্রিমিয়া ও অন্যান্য দখলকৃত অঞ্চলকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত।
দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প তার বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনারকে মস্কো পাঠিয়েছেন, যাতে তারা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে এই প্রস্তাব পৌঁছে দিতে পারেন।
ইউক্রেনের ইউরোপীয় মিত্রদের উদ্বেগ থাকা সত্ত্বেও এই ভূখণ্ড স্বীকৃতির পরিকল্পনা এগিয়ে নেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে। একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইউরোপের অবস্থানকে প্রধান্য দিচ্ছে না এবং বলে, ইউরোপীয়রা যা চায় করতে পারে।
এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট জানিয়েছিলেন, ক্রিমিয়া, দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলের স্বীকৃতি যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনার আলোচনার একটি মূল বিষয় হবে।
শুক্রবার ক্রেমলিন জানিয়েছে, জেনেভায় ইউক্রেন ও মার্কিন কর্মকর্তাদের জরুরি আলোচনার পর যুদ্ধ শেষ করার জন্য একটি সংশোধিত কৌশল তাদের কাছে পৌঁছেছে। প্রাথমিকভাবে তৈরি ২৮ দফার পরিকল্পনায় মার্কিন পক্ষ থেকে ক্রিমিয়া এবং পূর্ব দনবাস অঞ্চলের প্রকৃত স্বীকৃতি দেওয়ার প্রস্তাব অন্তর্ভুক্ত ছিল। এছাড়া কোনো যুদ্ধবিরতি হলে রাশিয়ার নিয়ন্ত্রণাধীন খেরসন ও জাপোরিজ্জিয়া অঞ্চলের সীমান্তরেখার পেছনের জমির স্বীকৃতিও দেওয়ার প্রস্তাব করা হয়েছিল।
তথ্যসূত্র: দ্য টেলিগ্রাফ
খবরওয়ালা/টিএসএন