ট্রেনের বিছানার চাদর-তোয়ালে চুরি করছিলেন যাত্রী, অতঃপর…

ট্রেনের প্রথম শ্রেণির এসি কোচে থাকা বিছানার চাদর ও তোয়ালে চুরি করার অভিযোগ উঠেছে একটি পরিবারের বিরুদ্ধে। অভিযুক্তরা ভারতের দিল্লি-পুরী পুরুষোত্তম এক্সপ্রেসে ভ্রমণ করছিলেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, পুরী থেকে দিল্লিগামী পুরুষোত্তম এক্সপ্রেসের প্রথম শ্রেণির এসি কামরার একটি পরিবার চাদর ও তোয়ালে চুরি করেছে। ট্রেনের টিকিট পরিদর্শক (টিটিই) ও রেলকর্মীরা ওই পরিবারের ব্যাগ তল্লাশি করলে বেরিয়ে আসে চুরি করা চাদর ও তোয়ালে।

ভিডিওতে দেখা যায়, একটি পরিবার ট্রেন থেকে নামছে। তাদের মধ্যে ছিলেন এক নারী, দুই যুবক, দুই তরুণী ও এক শিশু। রেলের কর্মীদের সঙ্গে তারা বাক্যবিনিময় করছেন।

এই সময় রেলওয়ের এক নারী কর্মী স্টেশনের প্ল্যাটফর্মে বসে অভিযুক্ত যাত্রীদের ব্যাগ খুলছেন এবং একের পর এক সাদা চাদর বের করছেন। এসময় রেলের অ্যাটেনডেন্টকে বলতে শোনা যায়, সার, দেখুন, ব্যাগ থেকে চাদর, তোয়ালে বের হচ্ছে। তিনি আরও বলেন, ব্যাগের ভেতরে তোয়ালে, বিছানার চাদরসহ সবমিলিয়ে চার সেট রয়েছে। হয় এগুলো দিয়ে দিন, না হলে ৭৮০ টাকা দিতে হবে।

এনডিটিভি জানিয়েছে, অভিযুক্ত যাত্রীরা দাবি করেছেন, এটি ভুলবশত হয়েছে। তাদের মা চাদরগুলো ভুল করে গুছিয়ে ফেলেছেন।

তবে রেলের কর্মীরা পাল্টা প্রশ্ন করেছেন, ভুল করে কেউ এভাবে ব্যাগে ভরে নেয়? ফার্স্ট এসিতে ট্রাভেল করে চুরি? আপনারা আবার বলছেন, আপনারা তীর্থযাত্রী? এরপর টিকিট পরিদর্শককে বলতে শোনা যায়, পিএনআর নম্বর বলুন। হয় জরিমানা দিন, আমি রসিদ দেব। না হলে পুলিশ আসবে। এই পিএনআর নম্বরের ভিত্তিতে আমি এফআইআর করব।

ঘটনাটি নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকেই একে লজ্জাজনক ও ঘৃণ্য মন্তব্য করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং আজীবন রেল ভ্রমণে নিষেধাজ্ঞার দাবি তুলেছেন।

একজন এক্স (সাবেক টুইটার) ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে লিখেছেন, পুরুষোত্তম এক্সপ্রেসের প্রথম শ্রেণির এসি কোচের কামরাতে ভ্রমণ করা গর্বের বিষয়। তবুও কেউ কেউ নির্দ্বিধায় যাত্রার আরামের জন্য দেওয়া চাদর বাড়ি নিয়ে যায়।

আরেকজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, মানুষ কতটা নিচে নামতে পারে? এগুলো জনসাধারণের সম্পদ, ব্যক্তিগত লুটপাটের জন্য নয়। অন্য একজন লিখেছেন, প্রথম শ্রেণির এসি কোচে ভ্রমণ বিশেষ সুবিধা, কিন্তু চাদর চুরি করা সম্মান ও সততার অভাবের পরিচয় বহন করে। আসুন আমরা জনগণের সম্পদকে মূল্য দেই এবং শালীনতা বজায় রাখি।

প্রসঙ্গত, দীর্ঘপথের ট্রেনে আরামদায়ক ভ্রমণের জন্য ভারতীয় রেলওয়ে স্লিপার ও শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) শ্রেণির যাত্রীদের চাদর ও কম্বল সরবরাহ করে থাকে। এসব বিছানাপত্র নিয়মিতভাবে পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ করা হয়। যাত্রীদের ভ্রমণকালে এই সামগ্রী ব্যবহার করার অনুমতি থাকলেও যাত্রা শেষে তা রেলকর্মীদের কাছে ফেরত দিতে হয়।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।