খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ই এপ্রিল ২০২৫, ১:৪৫ পিএম
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধানের পদ থেকে রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়া হয়েছে। শনিবার (১২ এপ্রিল) ডিএমপি কমিশনারের কার্যালয়ের এক আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিককে ডিএমপির সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।।
গত বুধবার রাতে মডেল মেঘনা আলমকে রাজধানীর বসুন্ধরার বাসা থেকে আটক করে হেফাজতে নেয় ডিএমপির ডিবি। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে পুলিশ তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই ঘটনার পর আজ রোববার আইন উপদেষ্টা আসিফ নজরুল এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, মেঘনা আলমকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে গ্রেপ্তার করা হয়নি।
এরই মধ্যে ডিবি প্রধানকে বদলির আদেশ এল। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক প্রয়োজনে অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিককে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।
রেজাউল করিম মল্লিক ১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা হিসেবে ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। গত বছরের ১ সেপ্টেম্বর ডিবি প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন।
খবরওয়ালা/এসআর
মন্তব্য