ঢাকায় ‘গোপন বৈঠকের’ অভিযোগে আওয়ামী লীগ নেতাকর্মীসহ ২২ জন গ্রেপ্তার, সেনা মেজর হেফাজতে

রাজধানী ঢাকায় নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক কার্যক্রম পরিচালনার অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২২ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। 

এ ঘটনায় সেনাবাহিনীর একজন মেজরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সেনাসদরের নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি নিশ্চিত করেন মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্মকর্তারা। এ তথ্য প্রথমে প্রকাশ করে বিবিসি বাংলা।

বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, গত ৮ জুলাই ঢাকার বসুন্ধরাসংলগ্ন একটি কনভেনশন সেন্টারে ওই গোপন বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি কিছু অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা অংশ নেন। পরে এই ঘটনায় ঢাকার ভাটারা থানায় একটি মামলা দায়ের করে পুলিশ।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, দেশের অভ্যন্তরীণ পরিস্থিতিকে অস্থিতিশীল করার লক্ষ্যে দিনব্যাপী ওই বৈঠকের আয়োজন করা হয়েছিল। বৈঠকে সেনাবাহিনীর একজন মেজর উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের ‘প্রশিক্ষণ’ দেন বলেও মামলায় উল্লেখ রয়েছে।

ঘটনার পর সেনাবাহিনীর পক্ষ থেকে অভিযুক্ত মেজরকে হেফাজতে নেওয়া হয়েছে। মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম বলেন, “ওই মেজরের বিষয়ে আমরা অবগত আছি। তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।”

মিলিটারি অপারেশনসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উদ-দৌলা বলেন, “তদন্তে দোষ প্রমাণিত হলে প্রচলিত নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে এবং পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।