ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল খালি করার নির্দেশ

সাম্প্রতিক ভূমিকম্প ও পরাঘাতজনিত জরুরি পরিস্থিতি মোকাবিলায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি ভার্চ্যুয়াল সভায় গৃহীত সিদ্ধান্ত অনুসারে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। পাশাপাশি আগামীকাল রোববার বিকেল পাঁচটার মধ্যে আবাসিক হল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার সন্ধ্যায় উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাম্প্রতিক ভূকম্পনজনিত প্রভাব, শিক্ষার্থীদের মানসিক চাপ এবং ক্যাম্পাসের ভবনগুলোর সম্ভাব্য ঝুঁকি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভূমিকম্প-পরবর্তী পরস্থিতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

সভায় বুয়েটের ভূমিকম্প বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক এবং প্রধান প্রকৌশলী উপস্থিত থেকে ক্যাম্পাসের বিভিন্ন ভবন ও আবাসিক হলগুলোর কাঠামোগত অবস্থা নিয়ে প্রাথমিক মতামত দেন। বিশেষজ্ঞরা জানান, হলগুলোতে পুঙ্খানুপুঙ্খ পরিদর্শন ও ঝুঁকি মূল্যায়ন ছাড়া শিক্ষার্থীদের সেখানে রাখা নিরাপদ নয়। তাঁরা সম্ভাব্য সংস্কার ও মেরামত কার্যক্রম শুরু করার স্বার্থে হলগুলো খালি রাখার সুপারিশ করেন।

সিন্ডিকেট সভা এই মতামত বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয় কার্যক্রম আংশিক বন্ধের সিদ্ধান্ত নেয়। তবে জরুরি প্রশাসনিক কাজ ও অন্যান্য নিয়মিত কার্যক্রম পরিচালনার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের সব অফিস খোলা থাকবে।

উল্লেখ্য, এর আগে রাত ৯টার দিকে প্রশাসন প্রাথমিকভাবে কেবল পরবর্তী দিনের ক্লাস ও পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছিল। তবে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় পরে সময়সীমা বাড়িয়ে ১৫ দিন পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিশ্চিত করা হয়।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।