খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৮ মে ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন এ উদ্যোগ সফল করতে।
রবিবার (১৮ মে) এফ রহমান হলে আয়োজিত এক ছাত্র সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশটি অনুষ্ঠিত হয় ওই হলের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যর নির্মম হত্যাকাণ্ডের বিচার দাবিতে।
উপাচার্য বলেন, ‘সাম্য হত্যার ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। তার পরিবারের প্রতি সহমর্মিতা জানাতে এবং বিচার নিশ্চিতের আশ্বাস দিতেই আজ এখানে এসেছি।’
তিনি আরও জানান, শনিবার (১৭ মে) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারের সঙ্গে বৈঠক হয়েছে এবং তদন্ত কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে। পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গেও আজ (রবিবার) সাক্ষাৎ করার কথা রয়েছে।
ড. নিয়াজ বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ তাৎক্ষণিকভাবে তিনজন আসামিকে গ্রেপ্তার করেছে। আজ থেকেই তাদের রিমান্ড শুরু হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছে, যাতে ন্যায়বিচার নিশ্চিত হয়।’
তিনি আরও বলেন, ‘এ ধরনের ঘটনায় রাজনীতি নয়, সবার উচিত ন্যায়বিচারের প্রশ্নে একত্র হওয়া। আমরা চাই প্রকৃত অপরাধীরাই বিচারের আওতায় আসুক, যেন কোনো নিরীহ ব্যক্তি হয়রানির শিকার না হয়।’
সমাবেশে সাম্যর ভাই অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্যের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে তার চরিত্র হননের চেষ্টা চলছে। এ বিষয়ে ভিসি বলেন, ‘এ ধরনের নোংরা প্রচারণা অনাকাঙ্ক্ষিত ও অমানবিক। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।’
ঢাবি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ও ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রিত হবে।
খবরওয়ালা/আরডি