বগুড়ায় তালাবদ্ধ ঘর থেকে জান্নাতি আক্তার (২৫) নামে এক তরুণীর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে বগুড়া শহরের চক ফরিদ এলাকায় একটি বাড়ির তৃতীয় তলা থেকে দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জান্নাতি আক্তার আদমদীঘি উপজেলার সান্তাহার লকু সিভিল কলোনি এলাকার মাজেদ হোসেনের মেয়ে। তিনি চক ফরিদ এলাকার সোহেল রানার বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ বলছে, জান্নাতির স্বামী তুরস্কে অবস্থান করেন। অন্য এক যুবকের সঙ্গে তাঁর বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। এক মাস আগে এক যুবককে স্বামী পরিচয়ে বাসা ভাড়া নেন। এর পর থেকে জান্নাতি ওই বাসায় একাই বসবাস করতেন। তাঁর স্বামী তুরস্কে থাকা অবস্থায় পরকীয়ার বিষয়টি জানতে পেরে জান্নাতিকে তালাক দেন। এ খবর জানতে পেরে জান্নাতি ঘরের দরজা বন্ধ করে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
ওসি বলেন, ভাড়া বাসা থেকে চারদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন বুধবার রাতে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে বাসার মালিকের উপস্থিতিতে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে দেখতে পায়, খাটের ওপরে সিলিং ফ্যানের সঙ্গে জান্নাতির লাশ ঝুলছে। খাটের পাশে একটি প্লাস্টিকের চেয়ার পড়ে আছে। লাশে পচন ধরায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। জান্নাতির পরিবার পুলিশকে জানায়, গত ২৬ সেপ্টেম্বর থেকে জান্নাতির মোবাইল ফোন বন্ধ। পুলিশের ধারণা, ওই রাতেই জান্নাতি আত্মহত্যা করেন।
ওসি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে।
খবরওয়ালা/এসআর



