তিনি একজন উৎপাত সৃষ্টিকারী, তাঁকে চিকিৎসক দেখানো উচিত : থুনবার্গকে ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুইডিশ জলবায়ু অধিকারকর্মী গ্রেটা থুনবার্গকে উপহাস করেছেন। ত্রাণবাহী নৌযানের বহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নিয়ে গাজায় যাওয়ার চেষ্টা, ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়া এবং পরে মুক্তি পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে মন্তব্য করেছেন ট্রাম্প।

গতকাল সোমবার (৬ অক্টোবর) ওভাল অফিসে সাংবাদিকেরা গ্রেটা থুনবার্গ সম্পর্কে ট্রাম্পকে প্রশ্ন করলে তিনি বলেন, ‘তিনি একজন উৎপাত সৃষ্টিকারী। তিনি এখন আর পরিবেশ নিয়ে কাজ করছেন না। তিনি এসব করে বেড়াচ্ছেন। তাঁকে চিকিৎসক দেখানো উচিত। তাঁর রাগ নিয়ন্ত্রণজনিত সমস্যা আছে।’

গত শুক্রবার ইসরায়েলি নৌবাহিনী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৪০০ জনের বেশি অধিকারকর্মীকে আটক করে। এর মধ্যে গ্রেটা থুনবার্গও ছিলেন। ওই নৌবহর সমুদ্রপথে গাজার অবরোধ ভাঙার চেষ্টা করেছিল। পরে সপ্তাহান্তে আটক ১৩০ জনের বেশি অধিকারকর্মীকে তুরস্কে ফেরত পাঠানো হয়। আর গতকাল সোমবার গ্রেটা থুনবার্গসহ আরও একদল অধিকারকর্মীকে গ্রিস ও স্লোভাকিয়ায় ফেরত পাঠায় ইসরায়েল।

গত শনিবার ইসরায়েলি বন্দিদশা থেকে ফিরে আসার পর ফ্লোটিলার কয়েকজন অধিকারকর্মী ও আইনজীবী অভিযোগ করেছেন, গ্রেটা থুনবার্গসহ আটক অধিকারকর্মীদের নির্যাতন করেছে ইসরায়েল। তবে দেশটি এ অভিযোগ অস্বীকার করেছে।

ডোনাল্ড ট্রাম্প ও গ্রেটা থুনবার্গের মধ্যে অনেক বছর ধরে বিবাদ চলছে। তাঁরা বিভিন্ন সময় একে অপরকে কথা দিয়ে আক্রমণ করেছেন। ২০১৯ সালে গ্রেটা থুনবার্গ টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হওয়ার পর তাঁর সম্পর্কে ট্রাম্প বলেছিলেন, ‘তাঁর রাগ নিয়ন্ত্রণজনিত সমস্যা আছে।’
 

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।