তিন এলবিডব্লুতে আফিফের হ্যাটট্রিক, লিগে প্রথম

প্রথমটি এলবিডব্লু, দ্বিতীয়টিও এলবিডব্লু, আর তৃতীয়টিও এলবিডব্লু—এর মাধ্যমে ২৭তম জাতীয় ক্রিকেট লিগে হ্যাটট্রিক করেছেন খুলনার অফ স্পিনার আফিফ হোসেন। খুলনা বিভাগীয় স্টেডিয়ামে বরিশালের প্রথম ইনিংসের শেষ তিন ব্যাটসম্যানকে আফিফ ফেরান- শামসুল ইসলাম, ইয়াসিন আরাফাত ও রুয়েল মিয়াকে।

হ্যাটট্রিকের আগে তিনটি উইকেট নিয়েছিলেন আফিফ। সব মিলিয়ে বরিশালের ইনিংসে আফিফের বোলিং বিশ্লেষণ—১০.৫ ওভারে ৩১ রানে ৬ উইকেট। তবে এটি তার ক্যারিয়ারসেরা নয়; ২০১৮ সালে রাজশাহীর বিপক্ষে ৬৭ রানে ৭ উইকেট নিয়েছিলেন তিনি।

শনিবার (২৫ অক্টোবর) শুরু হওয়া জাতীয় ক্রিকেট লিগের প্রথম দিনে খুলনা প্রথম ইনিংসে তোলে ৩১৩ রান। পাঁচে নেমে ব্যাট হাতে প্রথম বলেই এলবিডব্লু হয়ে ফেরেন আফিফ। বোলার ছিলেন রুয়েল। ব্যাট হাতে শূন্য রানে আউট হওয়া আফিফই পরে বল হাতে বরিশালের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন।

হ্যাটট্রিকের আগে তাঁর বলে আউট হয়ে ফেরেন সালমান হোসেন (১৭), শামসুর রহমান (৩) ও ফজলে রাব্বি। এর মধ্যে রাব্বিও এলবিডব্লু, সালমান বোল্ড, ক্যাচ দিয়ে আউট হয়েছেন শামসুর।

বরিশালকে ১২৬ রানে গুটিয়ে দিয়ে প্রথম ইনিংসে ১৮৭ রানের লিড নেয় খুলনা। ফলো অনে পড়া বরিশাল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত করেছে ২ উইকেটে ৮৪ রান।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।