তিস্তার পানি বৃদ্ধি নিয়ন্ত্রণে খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ভারি বৃষ্টির প্রভাবে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। এতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার চর ও নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ।

রোববার (২০ জুলাই) সন্ধ্যা ৬টায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানিপ্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ০৮ মিটার, যা বিপৎসীমার মাত্র ৭ সেন্টিমিটার নিচে। নদীর পানি বৃদ্ধির কারণে ইতোমধ্যেই তিস্তার তীরবর্তী চরাঞ্চল ও নিম্নাঞ্চলের আমন ধানের বীজতলা ও বিভিন্ন ফসলি জমি পানিতে তলিয়ে গেছে।

পানিবৃদ্ধির ফলে হাতীবান্ধা উপজেলার ৬টি ইউনিয়নের অন্তত ৮-১০টি চর, পাটগ্রামের দহগ্রাম, আদিতমারীর চর গোবর্ধন, মহিষখোঁচা, এবং সদর উপজেলার খুনিয়াগাছ, রাজপুর ও গোকুন্ডা ইউনিয়নের চরাঞ্চলে পানি ঢুকে পড়েছে। পানি আরও বাড়লে এসব এলাকায় ঘরবাড়িতেও পানি প্রবেশ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার জানান, উজানের পানির চাপ অব্যাহত থাকলে যেকোনো সময় তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে।

তিস্তা ডালিয়া পয়েন্টের পানির স্তর পরিমাপক নুরুল ইসলাম বলেন, “পানির চাপ বাড়ায় ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। পরিস্থিতি নজরে রাখা হচ্ছে এবং পানি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।”

স্থানীয়রা জানিয়েছেন, তারা বন্যা ও নদীভাঙনের আশঙ্কায় রয়েছেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

খবরওয়ালা/টিএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।